কৃষি সময় ডেস্কঃ
জামালপুরের যমুনা সার কারখানার গ্যাস সংকটের কারণে ফেরউৎপাদন বন্ধ হয়ে গেছে।
রোববার সকাল থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উৎপাদন শুরুর সম্ভাবনা নেই বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. আফাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে কারিগরি ত্রুটি সারিয়ে শুক্রবার কারখানাটিতে উৎপাদন শুরু হয়েছিল।
কারখানাটি থেকে বিসিআইসির তালিকাভুক্ত প্রায় এক হাজার ৯০০ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সার সরবরাহ করা হয়।
কারখানার উৎপাদন বিভাগের প্রধান ফজলুল হক বলেন, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন চালু রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের চাপ প্রয়োজন। কিন্তু চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না থাকায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে।
কৃ/স/জয়