কৃষি সময় ডেস্কঃ
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ দেওয়ার পাশাপাশি ব্যবসায় ভালো ফলাফলের ওপর ভিত্তি করে উদ্যোক্তাদের অনুদান দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিকভাবে তহবিলের ৫০০ কোটি টাকা ঋণ এবং বাকি ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এর মধ্য দিয়ে অন্তত পাঁচ হাজার নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তরুণ উদ্যোক্তাদের জন্য নেওয়া এ উদ্যোগের বাস্তবায়ন নিয়ে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতাদের সঙ্গে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
বৈঠকে তহবিলের কাঠামো, ঋণ বিতরণ, উদ্যোক্তা নির্বাচন এবং অনুদান দেওয়ার পদ্ধতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন সাংবাদিকদের বলেন, তরুণদের জন্য বিশেষ পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ও অনুদান প্যাকেজ চালুর বিষয়ে কাজ চলছে। যেসব তরুণ ব্যবসা শুরু করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় মূলধনের অভাবে উদ্যোগ নিতে পারছেন না, তাদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ পেতে পারেন। এ ঋণের সুদহার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে ব্যাংকঋণের সুদহার যেখানে প্রায় ১১ থেকে ১৫ শতাংশ এবং এনজিও থেকে নেওয়া ঋণের খরচও তুলনামূলক বেশি, সেখানে এই উদ্যোগের আওতায় উদ্যোক্তাদের জন্য অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কম হবে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে উদ্যোগটির বিশেষত্ব শুধু কম সুদের ঋণে সীমাবদ্ধ থাকছে না। ব্যবসা পরিচালনায় সাফল্য এবং ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধের রেকর্ড বিবেচনায় নিয়ে উদ্যোক্তাদের অনুদান দেওয়ার পরিকল্পনাও করছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত তহবিলের ঋণের বিপরীতে কোনো জামানত নেওয়ার পরিকল্পনা নেই। ফলে জমি বা অন্য কোনো সম্পদ বন্ধক রাখার সক্ষমতা না থাকলেও যোগ্য তরুণদের ব্যবসা শুরু করার সুযোগ থাকবে।
উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রেও স্থানীয় পর্যায়কে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বৈঠকে উপজেলা পর্যায়ে প্রকৃত উদ্যোক্তা চিহ্নিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় ব্যাংক শাখার ব্যবস্থাপক কিংবা নির্ধারিত কমিটির মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের যাচাই-বাছাই করা হবে।
প্রস্তাবিত তহবিলের আওতায় ব্যবসার ধরনও নির্দিষ্ট কোনো খাতে সীমাবদ্ধ রাখার পরিকল্পনা নেই। উৎপাদন ও বাণিজ্যÑদুই ধরনের উদ্যোগই এ কর্মসূচির আওতায় আসতে পারে।
সম্ভাব্য খাতগুলোর মধ্যে মৎস্য চাষ, প্রাণিসম্পদ, খাদ্য উৎপাদন, হস্তশিল্প, শতরঞ্জি তৈরি এবং অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা রয়েছে। এর ফলে শহরের পাশাপাশি উপজেলা ও গ্রাম পর্যায়ের তরুণদেরও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
কৃ/স/জয়