কৃষি সময় ডেস্কঃ
মৌলভীবাজারের বড়লেখায় মাধব গাঙ্গের ছড়ায় ক্ষতিকর কীটনাশক জাতীয় রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে পুঁটি, টেংরা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, পোনা, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী মারা যাওয়ার পাশাপাশি ছড়ার পানির প্রবাহের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা অভিযোগ করেন,দুষ্কৃতিকারীরা মাধব গাঙ্গ (ছড়া) এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কৃষিকাজের পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদেরও গুরুত্বপূর্ণ উৎস। গাঙ্গে বিষ প্রয়োগ করে মাছ ধরার ফলে শুধু মাছই ধ্বংস হচ্ছে না, ব্যাঙ, সাপ, কাঁকড়া, বিভিন্ন ক্ষুদ্র জলজ প্রাণী ও পানির স্বাভাবিক জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিষাক্ত পানি ব্যবহারের কারণে গবাদিপশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন।
এ বিষয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন,এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কৃ/স/জয়