কৃষি সময় ডেস্কঃ
ঢাকার ধামরাইয়ে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ইটভাটার মালিককে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে উভয় ইটভাটার ইট তৈরি ও পোড়ানোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভাড়ারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র ছাড়াই স্টার ব্রিকস ও পিএইচবি ব্রিকস নামে দুটি ইটভাটায় ইট তৈরি ও পোড়ানোর কার্যক্রম চলছিল। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় স্টার ব্রিকসের চিমনি গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি ভাটাটির মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পিএইচবি ব্রিকসের মালিককে জরিমানা করা হয় ৫ লাখ টাকা।
অভিযান শেষে দুটি ইটভাটারই সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার।
কৃ/স/জয়