বান্দরবান সংবাদদাতাঃ
বান্দরবানের রুমায় এবার তিলের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের জুমে তিল চাষ করে চাষীদের মুখে হাসি ফুটেছে। চাষীরা আা করছেন তিল বিক্রি করে তারা লাভবান হবেন।
জানা যায়, চলতি বছরে পাহাড়ি জুমে প্রায় ৬০০ পরিবার জুম চাষি তাদের জুমের জুমধানসহ মারফা, ভুট্টা, চালকুমড়া, মিষ্টি কুমড়া, সাথী ফসল হিসেবে নানা জাতীয় সবজিসহ তিল চাষ করছেন। আবহাওয়া অনুকূল থাকায় খরিফ মৌসুমে এই তিল চাষের বাম্পার ফলনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
চাষিরা জানান, গত বছর এ চাষাবাদে তেমন লাভবান না হলেও এবার ভাল ফলনে লাভবান হবেন।
রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়ার বাসিন্দা মেলান মার্মা বলেন, এবার এখনো বড় বৃষ্টি হয়নি। তাই তিলের ভালো ফলন ঘরে তোলা সম্ভব হবে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।
রুমা বাজারে মোহাম্মদ খলিলুর রহমান ও কাঁচামাল ব্যবসায়ীরা জানান, সাদা তিল বর্তমানে মণপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা এবং কালো তিল মণপ্রতি তিন থেকে চার হাজার টাকা দরে কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা।
রুমা উপজেলা কৃষি কর্মকতা একেএম ফরিদুল হক জানান, আগামী ১৫ দিনের মধ্যে বড় ধরনের কোনো বৃষ্টি না হলে তিল চাষের বাম্পার ফলন চাষিদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। কারণ পাহাড়ের কৃষকরা তাদের জুমে উৎপাদিত তিলগুলো বোঁধা বেঁধে শুকাচ্ছেন। এসব তিল সঠিক সময়ে ঘরে তুলতে পারলে তা বিক্রি করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন।
কৃ/স/জয়