বাসসঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে সারাদেশে অন্তত ২৫ কোটি গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে কিছু গাছ নষ্ট হলেও তা প্রতিস্থাপন করে মোট ৩০ থেকে ৩২ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এমপি।
মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলার আটি এলাকার নয়াবাজার ডিগ্রি কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বৃক্ষরোপণে সাজাব দেশ, সবার আগে বাংলাদেশ’-এই শ্লোগানে সামনে রেখে আমরা কাজ করছি। সারাদেশের কোথায় কতগুলো গাছ লাগানো হচ্ছে এবং সেগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, তা আমাদের মন্ত্রণালয় থেকে সরাসরি তদারকি করা হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের ফলে দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। তাপমাত্রা কমানো এবং স্বাভাবিক বৃষ্টিপাত বজায় রাখতে পারিবারিকভাবে বৃক্ষরোপণ বাড়ানো জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আমান উল্লাহ আমান।
রোটারি ক্লাব অব গুলশান অ্যাভিনিউ ও বাংলাদেশ রোটারি ইন্টারন্যাশনালের সভাপতি ড. লুবনা শারমিন পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম হাসান, যুগ্ম সম্পাদক মনির হোসেন সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন অতিথিরা।