কৃষি সময়
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

বিশেষ প্রতিবেদকঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রশাসন ও অর্থ শাখাকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে খামারবাড়ি। সরকারের পরিবর্তনের পর গুরুত্বপূর্ণ এই শাখায় কে বসবেন, তা নিয়ে ক্ষমতাসীনপন্থি কর্মকর্তাদের বিভিন্ন গ্রুপের মধ্যে শুরু হয়েছে নীরব আধিপত্যের লড়াই। বদলি-পদায়নের নিয়ন্ত্রণকারী প্রশাসন-১ (এডিডি-১) ও প্রশাসন-২ (এডিডি-২) পদকে কেন্দ্র করে চলছে তদবির, পাল্টা তদবির এবং নানা ধরনের দেনদরবার। এমনকি সদ্য পদায়ন পাওয়া এক কর্মকর্তাকে একই দিনে সকালে বাতিল করে বিকেলে আবার বহাল করার ঘটনাও অভ্যন্তরীণ দ্বন্দ্বের গভীরতাকেই সামনে এনেছে। 

সংশ্লিষ্টদের দাবি, শুধু প্রশাসনিক নিয়ন্ত্রণ নয়, বদলি-পদায়ন এবং প্রভাব বিস্তারের কারণে এই দুটি পদ দীর্ঘদিন ধরেই ডিএইয়ের সবচেয়ে আকর্ষণীয় ও বিতর্কিত দায়িত্ব হিসেবে বিবেচিত হয়ে আসছে।

কৃষি মন্ত্রণালয়ের অধীন সবচেয়ে বড় সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখাকে দীর্ঘদিন ধরেই অধিদপ্তরের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। পরিচালক, অতিরিক্ত পরিচালক, উপপরিচালক ও অতিরিক্ত উপপরিচালক—এই চার স্তরের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদায়ন, পদোন্নতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস কৃষি ক্যাডারের প্রায় তিন হাজার কর্মকর্তার বদলি ও পদায়নের ফাইল প্রথমে প্রশাসন-১-এর অতিরিক্ত উপপরিচালকের (এডিডি-১) টেবিলে আসে। সেখান থেকে তা উপপরিচালক, অতিরিক্ত পরিচালক, পরিচালক এবং শেষে মহাপরিচালকের অনুমোদনের জন্য যায়। একই সঙ্গে ডিএইয়ের কর্মচারীদের পদায়ন ও পদোন্নতির গুরুত্বপূর্ণ কাজও এই শাখা থেকেই পরিচালিত হয়। ফলে এডিডি-১ পদটি প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী পদগুলোর একটি হিসেবে পরিচিত।

গত ঈদুল আজহার আগে, ২৪ মে শেষ কর্মদিবসে প্রশাসন-১-এর অতিরিক্ত উপপরিচালক মো. হাসানুজ্জামানকে হঠাৎ টাঙ্গাইলে বদলি করা হয়। তবে দীর্ঘদিন ওই পদে নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় তিনিই দায়িত্ব পালন করে আসছিলেন। পরে গত ২ জুলাই কৃষি মন্ত্রণালয় একই ব্যাচের (২৯তম বিসিএস কৃষি) কর্মকর্তা এবং ফেনী জেলার অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. সোফায়েল হোসেনকে প্রশাসন-১-এর অতিরিক্ত উপপরিচালক হিসেবে পদায়ন করে।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। একই বিশ্ববিদ্যালয়ে হাসানুজ্জামানও ছাত্রদলের নেতা ছিলেন বলে জানা যায়।
একই দিনে টাঙ্গাইলের মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানাকে প্রশাসন-২-এর অতিরিক্ত উপপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি এ এ মাসুম বিল্লাহর স্থলাভিষিক্ত হন। অন্তর্র্বতী সরকারের সময় মাসুম বিল্লাহ এই দায়িত্বে এসেছিলেন। তিনিও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন বলে সংশ্লিষ্টরা জানান।

সম্প্রতি কেআইবিতে কৃষি কর্মকর্তা বনি আমিন খানকে ঘুষি মেরে আহত করার অভিযোগ ওঠার পর মাসুম বিল্লাহকে সুনামগঞ্জে এবং একই ঘটনায় বনি আমিন খানকে নড়াইলে বদলি করা হয়।

সকালে বাতিল, বিকেলে বহাল :
প্রশাসন-১-এর অতিরিক্ত উপপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় গতকাল রোববার সকালে মো. সোফায়েল হোসেনের পদায়ন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। তবে একই দিন বিকেলে আরেকটি আদেশে তাকে পুনরায় ওই পদে বহাল করা হয়। একই দিনে পরস্পরবিরোধী দুটি আদেশ জারি হওয়ায় অধিদপ্তরে ব্যাপক আলোচনা শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পদে নিয়োগ নিয়ে এখনো একাধিক প্রার্থী ও প্রভাবশালী গ্রুপ সক্রিয় রয়েছে।

কেন এত গুরুত্বপূর্ণ এডিডি-১?
সংশ্লিষ্ট সূত্র বলছে, এডিডি-১ পদটি ষষ্ঠ গ্রেডের হলেও এখান থেকেই প্রায় তিন হাজার কৃষি কর্মকর্তার বদলি ও পদায়নের ফাইল প্রক্রিয়াকরণ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা, জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পদায়নের ক্ষেত্রে এই পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি মাঠ প্রশাসনের শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক নিয়ন্ত্রণেও এই পদের কার্যকর ভূমিকা রয়েছে।

খাতসংশ্লিষ্টদের অভিযোগ, অতীতেও বিভিন্ন পদায়নে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। বিশেষ করে উপজেলা কৃষি কর্মকর্তা এবং কিছু গুরুত্বপূর্ণ পদে পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ বহুদিনের। তবে বর্তমান সময়েও এমন অভিযোগ বিভিন্ন মহলে শোনা গেলেও সেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ্যে আসেনি।

ক্ষমতাসীনপন্থিদের গ্রুপিং :
খামারবাড়ির একাধিক সূত্রের দাবি, বর্তমান সরকারের সময় ক্ষমতাসীন রাজনৈতিক বলয়ের সমর্থক কর্মকর্তাদের মধ্যেই একাধিক গ্রুপ ও উপগ্রুপ তৈরি হয়েছে। নিজেদের পছন্দের কর্মকর্তাকে প্রশাসন-১-এর মতো গুরুত্বপূর্ণ পদে বসাতে বিভিন্ন মহল সক্রিয় রয়েছে। এ নিয়ে অভ্যন্তরীণ প্রতিযোগিতা, তদবির এবং প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।
তাদের ভাষ্য, শুধু কর্মকর্তারাই নন, এই প্রক্রিয়ায় অধিদপ্তরের বাইরের প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত হয়েছেন বলে আলোচনা রয়েছে।

আরও পরিবর্তনের আভাস :
অসমর্থিত একাধিক সূত্রের দাবি, প্রশাসন ও অর্থ শাখার অতিরিক্ত পরিচালক এবং উপপরিচালক পদেও পরিবর্তনের প্রস্তুতি চলছে।
বর্তমানে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মুরাদুল হাসান। তাকে সরিয়ে অন্য একজনকে ওই পদে বসানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অন্যদিকে, খামারবাড়িতে জামায়াতপন্থি হিসেবে পরিচিত কাজী মুজিবুর রহমানকে সরানোর উদ্যোগও দীর্ঘদিনের বলে জানা গেছে। সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত এই কর্মকর্তার পরিবর্তে সরকারপন্থি কাউকে বসানোর চেষ্টা করছেন বিএনপিপন্থি কয়েকটি সংগঠনের নেতারা। তবে ওই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকায় কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়েও টানাপোড়েন চলছে।

পরিচালকের পদ নিয়েও তৎপরতা :
সম্প্রতি প্রশাসন ও অর্থ শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৭তম বিসিএস কৃষি ক্যাডারের কর্মকর্তা মো. জাকির হোসেন। তিনি এর আগে ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক এবং পরে বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। খুব শিগগিরই তিনি অবসরে যাবেন। ফলে তার স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়েও ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে বলে সূত্রের দাবি।

লাভজনক পদ ঘিরে পুরোনো অভিযোগ :
খামারবাড়ির সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এবং উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের কয়েকটি পদ দীর্ঘদিন ধরেই 'লাভজনক' হিসেবে পরিচিত। এসব পদে নিয়োগ ও পদায়নকে ঘিরে তদবির এবং আর্থিক লেনদেনের অভিযোগ নতুন নয়। 
তবে কর্মকর্তাদের মতে, ষষ্ঠ গ্রেডের পদ হলেও প্রশাসন-১ ও প্রশাসন-২-এর অতিরিক্ত উপপরিচালক পদ দুটি এখনও সবচেয়ে প্রভাবশালী। কারণ এখান থেকেই বদলি-পদায়নের বড় অংশ নিয়ন্ত্রিত হয়। ফলে এই দুটি চেয়ার শুধু প্রশাসনিক ক্ষমতার নয়, প্রভাব বিস্তারের অন্যতম কেন্দ্র হিসেবেও বিবেচিত হয়ে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

1

পেঁয়াজ পচা রোধে বড় উদ্যোগ, বসছে ৮ হাজার এয়ার-ফ্লো মেশিন : কৃ

2

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

3

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

বিদেশ নয়, এটা বাংলাদেশ,সমতলেই এখন সফল কমলা চাষ

6

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

7

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

বন্যায় মৃত্যু ৫১ জনের

10

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

11

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

12

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

15

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

16

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

17

সফল কৃষি উদ্যোক্তা ফেনীর রিপন চেয়ারম্যান

18

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

19

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

20