মাদারীপুর সংবাদদাতাঃ
মাদারীপুরের শিবচর উপজেলায় দ্রুত কমে আসছে কৃিিষ জমি। পদ্না সেতু হবার পর এ উপজেলার বিভিন্ন এলাকায় কষি জমি উপর দিয়ে নির্মিত হয়েছে ঢাকা-ভাঙ্গা এঙ্প্রেসওয়ে, রেললাইন, আবাসন প্রকল্পসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা। এসব প্রকল্পের অনেকগুলোই গড়ে উঠেছে কৃষিজমিতে। পাশাপাশি নদীভাঙন, জমি বিক্রি ও বসতবাড়ি নির্মাণের কারণেও কমছে কৃষিজমি। ফলে উন্নয়নের পাশাপাশি কৃষিজমি হারানোর বিষয়টি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২০ সালের কৃষিশুমারি অনুযায়ী শিবচরে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ২২ হাজার ৭৪০ হেক্টর। এর মধ্যে এক ফসলি জমি ছিল ১ হাজার ৩১০ হেক্টর, দুই ফসলি ১৪ হাজার ৭৮০ হেক্টর এবং তিন ফসলি জমি ছিল ৬ হাজার ৬৫০ হেক্টর।
প্রমত্তা পদ্মার তীরঘেঁষে গড়ে ওঠা মাদারীপুরের শিবচর একসময় ছিল কৃষিনির্ভর জনপদ। এ উপজেলার উৎপাদিত পাট, ধান, পান ও সরিষার সুনাম ছিল দেশজুড়ে। কৃষিকাজ ছিল এখানকার বহু পরিবারের জীবিকা ও অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। তবে সময়ের সঙ্গে বদলে যাচ্ছে শিবচরের চিত্র। পদ্মা সেতুকে কেন্দ্র করে যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বাড়ছে বিভিন্ন স্থাপনা। আর এসব উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে কমছে আবাদযোগ্য কৃষিজমি।
২০২৬ সালের হিসাব অনুযায়ী, এক ফসলি জমির পরিমাণ ২ হাজার ১৫ হেক্টর, দুই ফসলি ১২ হাজার ৩৩৪ হেক্টর, তিন ফসলি ৫ হাজার ৭৪৬ হেক্টর এবং চার ফসলি জমির পরিমাণ ১০০ হেক্টর।
ওই কৃষিশুমারিতে মোট আবাদযোগ্য জমির পরিমাণ দেখানো হয়েছে ২১ হাজার ৬৫৫ হেক্টর। সে হিসাবে ছয় বছরে উপজেলায় আবাদযোগ্য জমি কমেছে ১ হাজার ৮৫ হেক্টর। শতকরা হিসাবে এ হ্রাসের পরিমাণ প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।
কৃষিজমি কমে যাওয়ার প্রভাব পড়ছে কৃষকদের জীবনেও। একসময় যে জমিতে কয়েক প্রজন্ম ধরে চাষাবাদ হয়েছে, তার অনেকটাই এখন আর কৃষিকাজে ব্যবহার হচ্ছে না। কারও জমি ভাগ হয়ে বিক্রি হয়েছে, কারও জমি নদীতে বিলীন হয়েছে, আবার কারও জমি গেছে উন্নয়ন প্রকল্পের অধিগ্রহণে।
চরজানাজাত ইউনিয়নের বেপারীকান্দি গ্রামের কৃষক সামাদ মোল্লার জমি কমেছে পদ্মার ভাঙনে। তিনি বলেন, আগে তাদের আট বিঘা জমি ছিল। পদ্মা নদীর ভাঙনে সব জমি নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে তিন বিঘা জমি রয়েছে। সেখানে কালোজিরা ও বাদামের চাষ করছেন। তবে নদীভাঙন অব্যাহত থাকলে এই তিন বিঘা জমিও থাকবে কি না, তা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
পাচ্চর ইউনিয়নের কৃষক মাসুদ মিয়া বলেন, তার বাবা কৃষিকাজ করতেন, তিনিও কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু পদ্মা সেতুর সংযোগ সড়ক নির্মাণের সময় তাদের জমির বেশির ভাগ অধিগ্রহণ করা হয়। জমির পরিবর্তে সরকার থেকে পাওয়া ক্ষতিপূরণের টাকা দিয়ে ছেলেকে ইতালি পাঠিয়েছেন তিনি। বর্তমানে রাস্তার পাশে কিছু জমি থাকলেও সেখানে আর চাষাবাদ করেন না।
স্থানীয় কৃষিবিদ ও শিক্ষক আনন্দ সাহা বলেন, আসলে আমাদের প্রকৃত কৃষকেরা হারিয়ে যাচ্ছেন। তবে এখন অনেক তরুণ বিদেশ থেকে ফিরে আধুনিক কৃষির প্রতি ঝুঁকছেন। কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ না থাকায় তারা সফলতার মুখ দেখতে পারছেন না।
শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান বলেন, আবাদযোগ্য কৃষিজমি কমছে, এটি সত্য। শুধু শিবচরেই নয়, সারা বাংলাদেশেই কৃষিজমির পরিমাণ কমছে। উপজেলা কৃষি অফিস সবসময় কৃষকদের পাশে রয়েছে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে অল্প জমিতে কীভাবে ভালো ফলন পাওয়া যায়, সে বিষয়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দেওয়া হচ্ছে। যারা কৃষিপেশা ছেড়ে দিয়েছেন, তাদের বিষয়ে সরাসরি হস্তক্ষেপের সুযোগ না থাকলেও এখনো যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
কৃ/স/জয়