লালমনিরহাট সংবাদদাতাঃ
সার না পেয়ে ও ডিলারদের অনিয়ম বন্ধের দাবিতে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ ও বিক্ষোভ করেছেন কৃষকেরা। লালমনিরহাটের সদর উপজেলায় ক্ষুদ্ধ কৃষকরা এ কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
রোববার উপজেলার মহেন্দ্রনগর এলাকায় বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বাফা) গুদামের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে।
কৃষকদের অভিযোগ, ডিলারদের একটি অংশ সিন্ডিকেট করে সারের কৃত্রিম সংকট তৈরি করেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কালোবাজারে সার বিক্রি করা হচ্ছে। এতে সময়মত জমিতে সার দিতে পারছেন না কৃষকেরা। একপর্যায়ে বিক্ষুব্ধ কৃষকেরা সেখানে থাকা কৃষি বিভাগের কয়েকজন মাঠকর্মী ও এক ডিলারকে ধাওয়া করেন। তারা পাশের একটি পেট্রোল পাম্পে আশ্রয় নিলে কৃষকেরা সেখানে গিয়ে তাদের অবরুদ্ধ করে রাখেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমন ধানের জমিতে সার দেওয়ার সময় চলছে। কিন্তু কয়েক দিন ধরে কৃষকেরা সার পাচ্ছিলেন না। রোববারও সার না পেয়ে ক্ষুব্ধ হয়ে তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় ডিলার ও সার ব্যবসায়ীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।
খবর পেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে যান। কৃষকদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন কৃষকেরা।
কৃ/স/জয়