কৃষি সময়
প্রকাশ : Nov 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইটভাটায় ক্ষতিগ্রস্ত পাহাড়,জলাশয়

বান্দরবান সংবাদদাতাঃ 
পার্বত্যাঞ্চলের বান্দরবান জেলায় অবাধে চলছে অনুমোদনহীন ইটভাটা। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাহাড় কেটে, প্রাকৃতিক জলাশয় ও জলজ বাস্তুসংস্থান এবং বন ও সৃজিত বাগান ধ্বংস করে চলছে এসব ইটভাটার কার্যক্রম। এছাড়া চুল্লির কালো ধোঁয়ায় দূষিত হয় নির্মল বায়ু। এতে পাহাড়ের পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়,এ জেলায় ৭৩টি ইটভাটা রয়েছে। এর সব ক’টিই আইনগতভাবে অবৈধ। এসব ভাটার কোনো অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র নেই। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও পার্বত্যাঞ্চলে ভাটা কার্যক্রম বন্ধ রাখতে সরকারি নির্দেশনা থাকলেও তা না মেনে ইটভাটা চালানো হচ্ছে। 

সরজমিনে দেখা গেছে, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ফাদুছড়া, আধুনগর, হরিণখাইয়া, লম্বাশিয়া, মেঅংপাড়া, মংবাসিং পাড়া, রাইম্যাখোলা ও সিবাতলী এলাকায় অবাধে কাঁচা ইট তৈরি করছেন শ্রমিকরা। ভাটাগুলোতে শিশু শ্রমিকদের কাজ করতে দেখা গেছে। শ্রমিকদের থাকার ঘরগুলোও অপরিচ্ছন্ন ও স্যাঁতসেঁতে। চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে এ ভাটাগুলোর চুল্লিতে আগুন জ্বালানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, ইটভাটার পানি ব্যবহার ও সরবরাহের জন্য সিবাতলী খাল, ফাদু খাল, ম্রখ্যং খাল, অইংবয় খাল ও ফাইতং খালের বিভিন্ন স্থানে বাঁধ দেয়ায় স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে এসব খালের পানির ওপর নির্ভরশীল নারীরা নানা দুর্ভোগে পড়ছেন। এছাড়া খালের জলজ বাস্তুসংস্থান ধ্বংস হচ্ছে। তারা আরো অভিযোগ করেন, ইট তৈরির জন্য প্রতি বছর প্রতিটি ভাটা অন্তত পাঁচ একর জমির দুই থেকে তিনটি পাহাড় কেটে ফেলছে। গত এক যুগে শুধু ফাইতংয়ে দুই হাজারের বেশি ছোট-বড় পাহাড় কেটে বিলীন করা হয়েছে। এছাড়া বন বিভাগের বিভিন্ন রেঞ্জের সৃজিত বাগান ও ব্যক্তিমালিকানাধীন বাগান থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করা হচ্ছে।

জানা গেছে, পাহাড়ে অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে ২০২২ সালে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দাখিল করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। ওই বছরের ২৫ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করে ভাটা বন্ধের নির্দেশ দেন।

পরিবেশ অধিদপ্তর বান্দরবানের সহকারী পরিচালক নুর হাসান সজীব বলেন,চলতি বছর জেলার ৭৩টি অনুমোদনহীন ইটভাটার মালিকদের কার্যক্রম বন্ধ রাখতে নোটিস দেয়া হয়েছে। গত সেপ্টেম্বর থেকে চলতি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অভিযান চালিয়ে ৭১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের দায়ে আলীকদম, থানচি ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন ভাটার বিরুদ্ধে জিআর মামলা রয়েছে। নতুন করে ফাইতংয়ের কয়েকটি ভাটার বিরুদ্ধেও পরিবেশ আইনে জিআর মামলা হয়েছে। গত সপ্তাহে চলমান জিআর ও সিআর মামলার ১২ জন আসামিকে গ্রেফতারের জন্য লামা থানার ওসিকে পত্র দেয়া হয়েছে।

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা বলেন,উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ও পার্বত্যাঞ্চলে ভাটা কার্যক্রম বন্ধ রাখতে সরকারি নির্দেশনা রয়েছে। ‘হাইকোর্টের আদেশ অমান্যের সুযোগ নেই। পরিবেশ অধিদপ্তর ভাটা মালিকদের চিঠি দিয়েছে। নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অনুমোদনহীন ইটভাটার কার্যক্রম বন্ধ রাখতে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি। সচেতন মহলের উদ্বেগের কথা মাথায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে যৌথভাবে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

1

বিএনপিতে যাচ্ছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান

2

জমির বিরোধে দেড় শতাধিক গাছ কাটার অভিযোগ

3

বিদ্যুৎ বিভ্রাটে মারা গেছে ১৫ কোটি টাকার মাছ

4

লবণাক্ত জমিতে ধানে বাম্পার ফলন

5

রাজশাহীর মাঠে মাঠে আমন ধান কাটার ধুম

6

চাঙ্গা হচ্ছে গদখালীর ফুলের বাজার

7

তিন বছরে অগ্রগতি ২২ শতাংশ, এবার কি গতি ফিরবে পার্টনারে?

8

বরফ সংকটে সাগরে যেতে পারছে না মাছের ট্রলার

9

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

10

পাট গবেষণার মহাপরিচালকের দায়িত্বে ড. এম এম আলমগীর সাঈদ

11

সৌদি খেজুর চাষে বাণিজ্যিক সম্ভাবনা

12

পোকা চাষে শিমুলের মাসে আয় ২ লাখ

13

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

14

আগাম আলুতে ভাগ্য ফেরানোর চেষ্টা

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিন মন্ত্রী

17

রমজানে ৫২০ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

18

চড়ুইয়ের বাড়ি মহম্মদপুর

19

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

20