যশোর সংবাদদাতাঃ
বিশ্বের অন্যতম দামি মসলা ভ্যানিলা চাষে সফলতা পেয়েছেন সারোয়ার হোসেন নামে এক কৃষি উদ্যোক্তা। তিনি তার আম বাগানের পরিত্যক্ত ৫ শতক জায়গায় গড়ে তুলেছেন ভ্যানিলা বাগান। যেখানে ১৫০টি ভ্যানিলা গাছ বেড়ে উঠছে। এসব গাছে এসেছে ফল। আশা করা হচ্ছে এখান থেকে সংগ্রহ করা ভ্যানিলা বিক্রি করে তিনি লাভবান হবেন। সফল এ উদ্যোক্তা যশোরের চৌগাছা উপজেলার সর্পরাজপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়,২০১৯ সালে এই উদ্যোক্তা পরীক্ষামূলকভাবে প্রথমে ৫০টি চারা দিয়ে ভ্যানিলা চাষ শুরু করেন। নতুন ফসল হওয়ায় তখন চাষের অভিজ্ঞতা ছিল না। প্রথম দফাতেই মারা যায় ২৫টি গাছ। তবু হাল ছাড়েননি। নতুন করে চারা সংগ্রহ করে আবারও চাষ শুরু করেন। প্রথমে টাইফুয়েন্সি জাতের ভ্যানিলা দিয়ে যাত্রা শুরু করলেও পরে ভারত থেকে প্লানিফুলিয়া জাতের চারা সংগ্রহ করেন। বর্তমানে তার বাগানে প্রায় ১৫০টি ভ্যানিলাগাছ রয়েছে। আমগাছের ছায়ায় লতানো গাছগুলো বেড়ে উঠছে। গাছে ফল আসায় নিজের উদ্যোগ নিয়ে আশাবাদী হয়ে উঠেছেন।
ভ্যানিলা পৃথিবীর দ্বিতীয় দামি মসলা হিসেবে পরিচিত। দামের দিক থেকে এর ওপরে রয়েছে জাফরান। সুগন্ধ ও স্বাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে খাদ্য, পানীয় ও বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্যে ভ্যানিলার ব্যবহার রয়েছে। আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা উল্লেখযোগ্য। কয়েক বছর আগে বৈশ্বিক বাজারে প্রতি কেজি ভ্যানিলা গড়পড়তা ৫৫০ ডলার বা প্রায় ৫০ হাজার টাকায় বিক্রি হতো। পরে কৃত্রিম ভ্যানিলার উৎপাদন বাড়ায় দাম কমে আসে। বর্তমানে প্রতি কেজির দাম প্রায় ২৫০ ডলার বা ৩০ হাজার টাকার আশপাশে বলে জানা গেছে। তবে ভ্যানিলার মান ও গ্রেড অনুযায়ী দামের পার্থক্য রয়েছে।
উদ্যোক্তা সারোয়ার হোসেন বলেন, বাংলাদেশে ভ্যানিলা হবে না, এমন কোনো জায়গা নেই। এখন দরকার উৎপাদন বাড়ানো। দেশে যদি ১০০ জন কৃষককে প্রয়োজনীয় ভ্যানিলা কাটিং দেওয়া হয়, তাহলে চার থেকে পাঁচ বছর পর এক হাজার কেজি ভ্যানিলা বিন রপ্তানির জন্য প্রস্তুত করা সম্ভব। তখন আন্তর্জাতিক ক্রেতারা এমনিতেই বাংলাদেশে আসতে শুরু করবে। এ জন্য সংশ্লিষ্ট বিভাগের উদ্যোগ দরকার। পাঁচ শতাংশ জমিতে বাগান গড়ে তুলতে এখন পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। পরিচর্যা ও উৎপাদন ঠিক থাকলে এই বাগান থেকে বছরে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে আশা করছেন তিনি।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, ভ্যানিলা আমাদের দেশে নতুন ধরনের ফসল। এ কারণে এর চাষাবাদ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা নেই। তবে চৌগাছার সারোয়ার হোসেন নামে একজন কৃষক ভ্যানিলা চাষ করেছেন বলে জানতে পেরেছি। দ্রুতই বৈজ্ঞানিক কর্মকর্তাদের নিয়ে তার বাগান পরিদর্শনে যাব। তাদের মতামতের ভিত্তিতে এই চাষ সম্প্রসারণের বিষয়টি আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভায় উত্থাপন করা হবে।
কৃ/স/জয়