মুন্সিগঞ্জ সংবাদদাতাঃ
হারিয়ে যেতে বসেছে মুন্সিগঞ্জের মিরকাদিমের সাদা ধবধবে নিজস্ব জাতের গরু। সংকর ও বিদেশী জাতের বিস্তার, গো-খাদ্যের মূল্যবৃদ্ধি, শ্রমিক সংকট এবং খামারিদের পেশা পরিবর্তনের চাপে ঐতিহ্যবাহী এই ধবল গরু হারিয়ে যেতে বসেছে । এক সময় এ জেলার বাড়িতে বাড়িতে দেখা মিলতো এই গরুর। কিন্তু সময়ের পরিক্রমায় মিলিয়ে এ জেলায় এখন টিকে আছে মাত্র দুই শতাধিক গরু।
জানা যায়, এক সময় মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই লালন-পালন করা হতো ধবধবে সাদা রঙের বিশেষ এক জাতের গরু। কোরবানির ঈদে রাজধানী, বিশেষ করে পুরান ঢাকার ক্রেতাদের কাছে ছিল এর ব্যাপক কদর। মাংসের স্বাদ, নরম গঠন ও তুলনামূলক কম চর্বির কারণে আলাদা পরিচিতিও তৈরি হয়েছিল জাতটির। কিন্তু সময়ের সঙ্গে পাল্টেছে গরু পালনের ধরন। নানা জাতের গরু আসায় খামারিরা অধিক লাভের আশায় মিরকাদিমের গরু পালনের প্রতি আগের মতো আগ্রহ দেখাচ্ছেন না। এতে ক্রমেই ২শ’ বছরের ঐতিহ্য ধারন করা এ জাতের গরুর সংখ্যা এখন প্রায় বিলুপ্তির পথে হাটছে।
গায়ের রঙ ধবধবে সাদা হওয়ায় স্থানীয়ভাবে একে ‘ধবল’ বা ‘হাসা’ গরু বলা হয়। মিরকাদিম এলাকার নামানুসারে পরিচিতি পেয়েছে এটি। কেউ কেউ একে মুন্সিগঞ্জ ক্যাটেল নামেও অভিহিত করেন। প্রায় দুই শতাব্দীর ঐতিহ্য বহনকারী এ দেশীয় জাতের পূর্ণ জিনোমও উন্মোচন করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) বিজ্ঞানীরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় মিরকাদিমের প্রায় প্রতিটি বাড়িতেই এ গরু পালন করা হতো। এলাকার তেল ও ধান-চালের মিলে তুলনামূলক কম দামে খৈল, ভুসি, খুদ ও কুঁড়া পাওয়া যেত। এসব উপকরণ দিয়ে গরু পালন ও মোটাতাজা করা সহজ ছিল। এখন গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় সে সুবিধা আর নেই। পাশাপাশি অনেক গৃহস্থ পরিবারের সদস্য বিদেশে পাড়ি জমিয়েছেন কিংবা পেশা পরিবর্তন করেছেন। ফলে পারিবারিকভাবে গরু পালনের ঐতিহ্যও ক্রমে হারিয়ে যাচ্ছে।
এসব বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও বাণিজ্যিক বিবেচনায় পিছিয়ে পড়েছে মিরকাদিম গরু। খাতসংশ্লিষ্টদের মতে, সংকর ও বিদেশী জাতের গরুর তুলনায় এর মাংস ও দুধ উৎপাদনের পরিমাণ কম। বিশেষ করে দুধ উৎপাদন সীমিত হওয়ায় বাণিজ্যিক খামারিদের কাছে এ জাতের আকর্ষণ কমেছে। স্থানীয় পর্যায়ে সংরক্ষণের উদ্যোগের অভাব এবং কৃষক পর্যায়ে পালন কমে যাওয়াও তীব্র করেছে সংকটকে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, স্থানীয় ঘাস, খড় ও শস্যজাতীয় খাদ্য দিয়েই মিরকাদিম জাতের গরু পালন করা যায়। খাদ্যের চাহিদাও তুলনামূলক কম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। দেশের উষ্ণ ও আর্দ্র জলবায়ুর সঙ্গে সহজেই খাপ খাইয়ে নিতে পারে জাতটি। সাধারণ মানের খাবার ও প্রতিকূল আবহাওয়ায়ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারে। কৃমি ও অন্যান্য পরজীবীজনিত রোগ প্রতিরোধেও এর সক্ষমতা অন্যগুলোর চেয়ে বেশি।
খাতসংশ্লিষ্টদের মতে, মিরকাদিমের মাংসের স্বাদ, কোমলতা ও কম চর্বির বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এটিকে ‘প্রিমিয়াম কোয়ালিটি বিফ’ হিসেবে বাজারজাত করার সুযোগ রয়েছে। সাধারণ দেশীয় খাদ্যে পালন করা যায় এবং রোগবালাই তুলনামূলক কম হওয়ায় সঠিক ব্যবস্থাপনায় এটি ক্ষুদ্র খামারিদের জন্য লাভজনক হতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রথমেই নিশ্চিত করতে হবে জাতটির বিশুদ্ধতা ও পর্যাপ্ত উৎপাদন।
এ জাতটির সংখ্যা কমে যাওয়ার পেছনে খামারিদের মানসিকতা ও গরু পালনের ধরনে পরিবর্তনকে দায়ী করেন প্রাণি সম্পদ কর্মকতারা। ‘সংকর জাতের গরুর বিস্তার এর অন্যতম কারণ। তবে মিরকাদিমের মাংস অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হওয়ায় এর চাহিদা এখনো রয়েছে। জাতটি টিকিয়ে রাখতে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কাজ করছে। কেন্দ্রীয় গো প্রজনন খামার থেকে সংগৃহীত বীজ খামারি ও কৃষকদের সরবরাহ করা হচ্ছে।
পাশাপাশি জেলার ২৫ জন খামারিকে মিরকাদিম গরু পালনে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের সংকরায়ন ব্যবস্থাপনার মাধ্যমে মিরকাদিম গরুর বাচ্চা উৎপাদন, টিকাদানসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে। আগামী প্রাণিসম্পদ সপ্তাহেও জাতটি নিয়ে বিশেষ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলায় বর্তমানে এ জাতের গরু রয়েছে মাত্র ২০০টির মতো। সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে ৮৪টি এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) রয়েছে আরো ৬১টি। সব মিলিয়ে কোনো সংকরায়ন ছাড়া মিরকাদিম জাতের গরুর সংখ্যা পাঁচশরও কম।
মিরকাদিম জাত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার। সেখানে বর্তমানে এ জাতের ৮৪টি গরু রয়েছে। খামারটিতে জাতটির উৎপাদনশীলতা বাড়ানো এবং বিশুদ্ধতা বজায় রাখতে গবেষণা চলছে। সংস্থাটির পরিচালক মো. শহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘মাঠপর্যায়ে মিরকাদিম জাতটি বিলুপ্তির পথে। এটি টিকিয়ে রাখতে ও সংখ্যা বাড়াতে আমরা গবেষণা করছি। আমাদের খামারে ৮৪টি গরু রয়েছে। মাংসের জন্য এ জাতটি বিখ্যাত। এর উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়েও গবেষণা চলছে।’
মুন্সিগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এমএ জলিল বলেন, ‘মিরকাদিম গরু মুন্সিগঞ্জের নিজস্ব জাত। এক সময় এখানে প্রচুর পরিমাণে এ গরু পালন হতো। সবশেষ কোরবানির ঈদের সময় তথ্য সংগ্রহ করে জেলায় ষাঁড়, গাভী ও বাছুর মিলিয়ে ২০০টির মতো মিরকাদিম গরু পেয়েছি। মুন্সিগঞ্জের বাইরে এ জাতের গরু তেমন নেই। তবে নারায়ণগঞ্জে গত বছর তিন-চারটি ছিল বলে শুনেছি। বলা যায়, জাতটি এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
বিএলআরআইয়ের মহাপরিচালক (সাময়িক দায়িত্ব) ড. শাকিলা ফারুক বলেন,গবেষণার জন্য আমাদের কাছে ৬১টি মিরকাদিম গরু রয়েছে। মাঠপর্যায়ে এখন অধিকাংশ গরুই সংকর হয়ে যাচ্ছে। আমরা বিশুদ্ধ মিরকাদিম জাতের গরু পেলে তা কিনে গবেষণার কাজে ব্যবহার করছি। কৃষক ও খামারি পর্যায়েও এ জাতের সিমেন সরবরাহ করা হচ্ছে। শুধু মিরকাদিম জাত সংরক্ষণের জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। প্রকল্পটির অনুমোদন পাওয়া গেছে। দ্রুত প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করা হবে। আশা করছি, এর মাধ্যমে জাতটির বিস্তার বাড়ানো সম্ভব হবে।
কৃ/স/জয়