উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ টানা বৃষ্টিপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কাঁঠাল ব্যবসায় ধ্বস নেমেছে। হাট বাজারে লেঅকের সমাগম না থাকায় পড়ে থাকা হাজারো কাঁঠাল পচে নষ্ট হচ্ছে। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
উল্লাপাড়া উপজেলায় প্রায় অর্ধ শতাধিক হাটবাজার রয়েছে। লাহিড়ী মোহনপুর রেলওয়ে বাজার এর মধ্যে উপজেলার কাঁঠালের সবচেয়ে বড় পাইকারি বাজার হিসাবে পরিচিত। এই বাজার থেকে কাঁঠাল পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ঈশ্বরদী, বেড়া, সুজানগরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। টানা বৃষ্টিতে এ বাজারে বেচাকেনা প্রায় বন্ধ হয়ে গেছে।
বাজারের আড়তদার রফিকুল ইসলাম জানান, কয়েক হাজার কাঁঠাল চার-পাঁচ দিন ধরে অবিক্রীত অবস্থায় পড়ে আছে। ক্রেতা না থাকায় কাঁঠাল পচে যাচ্ছে। এমনিতেই কাঁঠালের দাম কম, তার ওপর বৃষ্টির কারণে ব্যবসা পুরোপুরি স্থবির হয়ে পড়েছে।
আব্দুল করিম নামে এক খুচরা ব্যবসায়ী বলেন, কয়েক দিন ধরে পড়ে থেকে তাঁর প্রায় ২০০টি কাঁঠাল পচে গেছে। বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল কিনে ভ্যানযোগে বাজারে আনলেও এখন মূলধনই হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। একই ধরনের লোকসানের কথা জানিয়েছেন অন্য ব্যবসায়ীরাও।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এ উপজেলায় প্রায় ১১০ হেক্টর জমি থেকে গড়ে ১ হাজার ২০০ টন কাঁঠাল উৎপাদিত হয়। তবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় উৎপাদক ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। তিনি আরও জানান, সরকার কাঁঠাল সংরক্ষণের জন্য হিমাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কাঁঠাল সংরক্ষণ সম্ভব হবে এবং উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তা–সবাই উপকৃত হবেন।
কৃ/স/জয়