ভোলা সংবাদদাতাঃ
ভোলার দক্ষিণাঞ্চলের সৈকতের বালুচরে দল বেঁধে ছুটে বেড়ায় লাল কাঁকড়া। শীতের সকালে জলাভূমিতে নামে অতিথি পাখির দল। একদিকে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ, অন্যদিকে দিগন্তজোড়া বালুচর। কোথাও সবুজ ম্যানগ্রোভ বন, কোথাও নদীর বুকে জেলেদের মাছ ধরার ব্যস্ততা। প্রকৃতির এমন বিচিত্র আয়োজন এ জনপদকে নতুন রুপ দিয়েছে।
প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়া সৈকত হতে পারে ভ্রমণপিপাসুদের অনন্য গন্তব্য। নগরজীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে কয়েকটি দিন কাটাতে চাইলে এসব দ্বীপ হতে পারে অন্যতম স্থান। এসব দ্বীপ ও চরাঞ্চলে রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা |
কিন্তুপ্রয়োজনীয় যোগাযোগব্যবস্থা, আবাসন, নিরাপত্তা ও পর্যটকসেবার অভাবে এখনও সেভাবে পরিচিতি পায়নি এলাকাগুলো। পরিকল্পিত উদ্যোগ নেওয়া গেলে কঙ্বাজার ও কুয়াকাটার বাইরে দেশের পর্যটন মানচিত্রে নতুন মাত্রা যোগ করতে পারে বঙ্গোপসাগর ঘেঁষা এই জনপদ।
ভোলার দক্ষিণাঞ্চল হতে পারে দেশের অন্যতম সম্ভাবনাময় ইকো-ট্যুরিজম অঞ্চল। পর্যটকদের আকৃষ্ট করতে এখানে গড়ে তোলা যেতে পারে পরিবেশবান্ধব রিসোর্ট, হাউসবোট, নির্ধারিত ক্যাম্পিং জোন ও নিরাপদ নৌভ্রমণসেবা। সৈকতের পাশে তাঁবুতে রাতযাপন, স্থানীয় খাবারের স্বাদ গ্রহণ, জেলেদের জীবনযাত্রা কাছ থেকে দেখা কিংবা নদী ও বনে ঘুরে বেড়ানোর ব্যবস্থা করা গেলে পর্যটকদের কাছে এলাকাগুলোর আকর্ষণ আরও বাড়বে। বর্তমান বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে প্রকৃতিনির্ভর পর্যটন বা ইকো-ট্যুরিজম। কৃত্রিম বিনোদনের পরিবর্তে মানুষ এখন প্রকৃতির কাছাকাছি থাকতে, স্থানীয় সংস্কৃতি জানতে এবং নাগরিক ব্যস্ততা থেকে দূরে সময় কাটাতে আগ্রহী। সেই বিবেচনায় এসব সৈকত হতে পারে অন্যতম স্থান।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন,তারুয়া সৈকতের লাল কাঁকড়ার বিচরণ এ অঞ্চলের অন্যতম আকর্ষণ। সৈকতের বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি আর সাগরের ঢেউয়ের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করতে পারে। শীত মৌসুমে অতিথি পাখির আগমন এসব এলাকার সৌন্দর্যে যোগ করে নতুন মাত্রা। ফটোগ্রাফি, পাখি পর্যবেক্ষণ, নৌভ্রমণ ও প্রকৃতির সঙ্গে সময় কাটানোর জন্যও রয়েছে যথেষ্ট সুযোগ। চর কুকরি-মুকরি, ঢালচর ও তারুয়ার বিশেষত্ব হলো, এখানে একই ভ্রমণে পাওয়া যায় সমুদ্র, নদী, বন, জলাভূমি ও গ্রামীণ উপকূলীয় জীবনের স্বাদ। জলপথে ট্রলার কিংবা স্পিডবোটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছানোর অভিজ্ঞতাও হতে পারে ভ্রমণের অন্যতম আকর্ষণ। কোথাও বিস্তীর্ণ বালুচর, কোথাও ঘন বনভূমির নীরবতা, আবার কোথাও জেলেদের জীবনসংগ্রামের দৃশ্য। প্রকৃতির এই বৈচিত্র্য পর্যটকদের জন্য তৈরি করতে পারে ভিন্নধর্মী ভ্রমণ অভিজ্ঞতা।
তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকায় যাতায়াত অনেকাংশেই নৌযাননির্ভর। নিয়মিত ও নিরাপদ নৌপরিবহন, উন্নত ঘাট, আবহাওয়ার পূর্বাভাস, জরুরি উদ্ধারব্যবস্থা এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পর্যটকদের জন্য স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, পরিচ্ছন্ন শৌচাগার, আবাসন ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
ভোলা জেলা প্রশাসক ড. শামীম রহমান বলেন, ইতিমধ্যে দুটি রিসোর্ট গড়ে তোলার প্রস্তাব পাওয়া গেছে। এ লক্ষ্যে চরফ্যাশন ও মনপুরার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে। রিসোর্ট স্থাপনের জন্য উপযুক্ত জমি নির্বাচনের কাজ চলছে। পাশাপাশি পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে অন্যান্য উন্নয়ন ও ব্যবস্থাপনা নিয়েও কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
কৃ/স/জয়