কৃষি সময়
প্রকাশ : Sep 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ লাখ কেজি ভারতীয় ইলিশ আমদানি

বেনাপোল সংবাদদাতাঃ 
বাংলাদেশে আসছে প্রচুর পরিমাণ ভারতীয় ইলিশ। যা আমাদের দেশের সাগরের ইলিশ নামে চড়া দামে বিক্রি হচ্ছে। জুলাই-আগস্ট দুই মাসে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। দেশীয় ২২টি প্রতিষ্ঠানের মাধ্যমে এসব ইলিশ আমদানি করা হয়েছে।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

ভারত থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ আমদানি হওয়ায় বেনাপোল, শার্শা, বাগআঁচড়া, নাভারণ ও যশোর বড় বাজারসহ জেলার বিভিন্ন বাজারে মাছটির সরবরাহ বেড়েছে। তবে বাজারে এসব মাছের একটি অংশ ‘মিয়ানমারের ইলিশ’ নামে পরিচিত হওয়ায় ক্রেতাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় কয়েকজন আড়তদারের দাবি, মিয়ানমারের ইলিশ ভারত হয়ে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তবে ফিশারিজ কোয়ারেন্টাইন কর্মকর্তারা বলছেন, বেনাপোল দিয়ে আসা ইলিশ ভারতীয়। মিয়ানমার থেকে আসা ইলিশ মাছ চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
এদিকে বৈধ আমদানির পাশাপাশি অবৈধভাবে ইলিশ দেশে প্রবেশের অভিযোগও রয়েছে। গত ২২ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আনা ১২ কার্টন বা প্রায় ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বর্তমানে ১ কেজি ২০০ থেকে ৩০০ গ্রাম ওজনের দেশি ইলিশ প্রতি কেজি প্রায় ৩ হাজার ৩০০ থেকে ৩ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে, ১ কেজি ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের কথিত মিয়ানমারের ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১ হাজার ৪০০ টাকা কেজি দরে। ফলে আকারে বড় হলেও বিদেশি ইলিশের দাম দেশি ইলিশের তুলনায় অনেক কম।

ব্যবসায়ীরা জানান, তুলনামূলক বড় আকারের মাছ কম দামে পাওয়ায় অনেক ক্রেতাই বিদেশি ইলিশের দিকে ঝুঁকছেন। এতে দেশি ইলিশের বিক্রি কমে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

মাছ ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, এসব মাছ মিয়ানমার থেকে ভারত হয়ে দেশে আসছে। কম দামের বিদেশি ইলিশ মাছ বাজারে আসায় দেশি ইলিশের চাহিদা কমেছে।

বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম আরও জানান, জুলাই মাসে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ দেশে আসে। আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ৩ লাখ ২৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করা হয়। দুই মাসে আমদানি করা ইলিশের মোট মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা।

এর মধ্যে জুলাই মাসে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৩৫ লাখ ৪৮ হাজার ৭৯৬ টাকা। আগস্টে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা। অর্থাৎ আগস্টে ইলিশ আমদানির পরিমাণ জুলাইয়ের তুলনায় প্রায় ১১ গুণ বেড়েছে।

তিনি উল্লেখ করেন,চলতি অর্থবছরের গত দুই মাসেই বেনাপোল বন্দর দিয়ে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। আগস্ট মাসে আমদানির পরিমাণ জুলাইয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন,ভারত থেকে আমদানি করা ইলিশ মাছ অবশ্যই ঘোষণা দিয়ে বিক্রি করতে হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে অভিযান পরিচালনা করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি গাছ কাটায় ৩ জনের দণ্ড

1

কুয়াকাটায় এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি সাড়ে ৪৮ লাখ টাকা

2

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

3

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

4

হিমাগারের আলুতে ১৩৩ কোটি লোকসানের শঙ্কা

5

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

6

পুকুরে পাট জাগ দিতে বিঘায় নেয়া হচ্ছে ২ হাজার টাকা

7

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

8

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

9

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

10

খামারীর পুকুরের বিষ দিয়ে সব মাছ নিধন

11

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

12

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

13

জেলি মিশ্রিত ১০৫ কেজি চিংড়ি জব্দ

14

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

15

মরিচ চাষে লাভবান হচ্ছে কৃষকরা

16

চায়না দুয়ারি জাল ধ্বংস

17

শিবির থেকে ৯ নেতার বিদায়

18

৮ জেলায় ঝড়ের পূর্বাভাস

19

তরমুজ চাষে কৃষক রফিকুলের মুখে হাসি

20