স্টাফ রিপোর্টারঃ খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, চলতি বোরো মৌসুমে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিনের এক প্রশ্নের উত্তরে খাদ্য প্রতিমন্ত্রী এ সব কথা জানান ৷
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিকভাবে খাদ্যশস্য (চাল-গম) সংগ্রহ/আমদানি করে থাকে। রাশিয়া-ইউক্রেন, ইরান-ইসরায়েল যুদ্ধ পরবর্তী সময়েও খাদ্য বিভাগ দেশের খাদ্য মজুত ঠিক রাখার লক্ষ্যে অভ্যন্তরীণভাবে ধান-চাল সংগ্রহের পরিমাণ বৃদ্ধি ও প্রয়োজন মাফিক বৈদেশিক উৎসে চাল-গম আমদানি অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় অভ্যন্তরীণভাবে চলতি বোরো সংগ্রহ, ২০২৬ মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা প্রদান করেছে যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। এছাড়াও গত আমন সংগ্রহ মৌসুমে ৫০ হাজার মেট্রিক টন ধান, ছয় লাখ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের প্রাথমিক লক্ষ্যমাত্রা প্রদান করলে খাদ্য নিরাপত্তা মজুত বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে লক্ষ্যমাত্রার অতিরিক্ত অভ্যন্তরীণ উৎস হতে ধান-চাল ক্রয় করা হয়েছিল।