প্রিন্ট এর তারিখঃ Jul 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
হ্যাচিং এগ রপ্তানী শুরু

কৃষি সময় ডেস্কঃ নাইজেরিয়ায় বাচ্চা উৎপাদনের উপযোগী ১০ হাজার ৪৪০টি ডিম বা হ্যাচিং এগ রপ্তানি করেছে কাজী ফার্মস লিমিটেড। এ চালানের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত আন্তর্জাতিক বাজারে নতুন এক মাইলফলক স্পর্শ করল। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এই ধরনের রপ্তনী শুরু হলো।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রপ্তানি করা ডিমগুলো ‘রস-৩০৮ ব্রয়লার’ জাতের প্যারেন্ট হ্যাচিং এগ। এসব ডিম রপ্তানি করে প্রতিষ্ঠানটি ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার আয় করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, হ্যাচিং এগ রপ্তানির এ উদ্যোগ সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সরকার দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হচ্ছে।
তিনি আরও বলেন, এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং দেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা দেশের উৎপাদন সক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতিফলন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এ ধরনের রপ্তানির পরিধি আরও বাড়বে এবং প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, উপপরিচালক সাখাওয়াত হোসেন ও শারমিন সামাদ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টাইন স্টেশনের ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, পরিচালক কাজী জিশান হাসান ও কাজী জাহিন হাসান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (পোলট্রি ব্যবসা) গাজী এম শামসুদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়