প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2026 ইং
দেশে সর্বোচ্চ খাদ্য মজুদ আছে-খাদ্য প্রতিমন্ত্রী

বাসসঃ খাদ্য প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী জানিয়েছেন, দেশে বর্তমানে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্য মজুত রয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। খাদ্য সংরক্ষণে অনিয়ম ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. গোলাম রছুলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮ লাখ ২৯ হাজার ৩৮৭ টন চাল, ৩ লাখ ২৮ হাজার ৪৯৫ টন গম এবং ২ লাখ ৩ হাজার ৬৬১ টন ধান মজুত রয়েছে, যা চালের হিসাবে মোট ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্যের সমপরিমাণ।
তিনি বলেন, ‘এটি আমাদের দেশে যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্যশস্যের মজুত। আমাদের কৃষকরা পর্যাপ্ত ধান ও চাল সরবরাহ করতে পারছেন।’
খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, উত্থাপিত অভিযোগ তিনি ব্যক্তিগতভাবে তদন্ত করবেন এবং কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অতীতে খাদ্য সংরক্ষণে গাফিলতির কারণে বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হওয়ায় ইতোমধ্যে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়