প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 9, 2026 ইং
উখিয়ায় পাহাড়ধসে ৮ শিক্ষার্থীর মৃত্যু

কৃষি সময় ডেক্স ঃ টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একটি মাদরাসার দেয়ালচাপায় ৮ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও নরসিংদীতে জলাবদ্ধতা ও দেয়ালচাপায় আরও ৫ শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল এবং বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সাথে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইরানি পাহাড় এলাকায় অবস্থিত 'খতিজাতুল মহিলা হেফজখানা'র ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। অতিবৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা মাটি মাদরাসার ইটের দেয়ালে আঘাত করলে সেটি ধসে যায়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার জানান, ঘটনার সময় মাদরাসাটিতে ৩০-৩৫ জন শিক্ষার্থী ছিল। সেখান থেকে ২০ শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৪ জন ঘটনাস্থলেই এবং বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে এপিবিএন। তারা হলেন, শাহিদা (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২), ওমাইচা বিবি (১৩) এবং রাশিদা (১৬)। এই ঘটনায় আরও ১২ জন শিক্ষার্থী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়