প্রিন্ট এর তারিখঃ Jul 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
ইলিশের বাড়ি চাঁদপুরে ইলিশ নেই

চাঁদপুর প্রতিনিধিঃ ইলিশের বাড়ি হিসাবে পরিচিত চাঁদপুরে ভরা মৌসুমেও ইলিশ মিলছে না। ইলিশের জন্য মেঘনা তীরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে এখন ইলিশের চেয়ে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় বেশি। সরবরাহ সংকটে চাহিদার তুলনায় আমদানি কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। যা বেশিরভাগ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট ঘুরে দেখা যায়, আগের মতো সেখানে বড় বড় ফিশিং বোটের ভিড় নেই। দক্ষিণাঞ্চল থেকে আসা ইলিশের সরবরাহ প্রায় বন্ধ। আড়তে স্থানীয় পদ্মা ও মেঘনা নদীর অল্প কিছু ইলিশ এলেও মুহূর্তের মধ্যে তা চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। পাইকারি বাজারেও এখন মাছের চেয়ে পাইকারের সংখ্যা বেশি। এখানে ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২,৬০০ থেকে ২,৭০০ টাকায়, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
মাছ ব্যবসায়ীরা জানান, আড়তে ইলিশের সরবরাহ এতই কম যে গত ২ দিন তিনি মাছ কিনে বিক্রি করতে পারছেন না। গত বছরের তুলনায় এবার কেজিতে দাম বেড়েছে ৬শ’ থেকে ৭শ’ টাকাপর্যন্ত।
জেলেদের দাবি, নদীতে পর্যাপ্ত পানি ও স্রোত নেই। সারাদিন জাল টেনেও জ্বালানি খরচ উঠছে না। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, গত মাসে প্রতিদিন দেড় শ মণের বেশি ইলিশ এলেও এখন তা ২০ মণে নেমে এসেছে।
চাঁদপুর সদরের মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, ইলিশের সংখ্যা কমেনি, তবে জালে ধরা পড়া মাছের আকার ছোট। অন্যদিকে, ইলিশ গবেষক ড. আনিছুর রহমান জানান, নদীর পানিতে লবণের মাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন এবং নদীতে নতুন নতুন প্রযুক্তির ক্ষতিকর জাল ব্যবহারের কারণে ইলিশের বিচরণ ব্যাহত হচ্ছে। নদীর গভীরতা হ্রাস ও দূষণকেও অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়