প্রিন্ট এর তারিখঃ Nov 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 27, 2026 ইং
গঙ্গাচরার নারী শ্রমিকরা মজুরি বঞ্চিত

রংপুর সংবাদদাতাঃ
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাঠে-ঘাটে পুরুষের সাথে নারীরা সমান তালে কৃষি শ্রমিকের কাজ করছেন। ধান লাগানো,কাটা,মাড়াই সহ চাষাবাদের সব কাজেই তারা শ্রমিকের কাজ করেন। কিন্তু পুরুষ শ্রমিকের সমান মজুরি পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে তারা মজুরি বৈষম্যর শিকার।
গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ঘাটে দেখা মেলে নারী শ্রমিকদের। তারা পুরুষ শ্রমিকদের সাথে কোমর বেধে মাঠে চাষাবাদের কাজ করে আসছেন। দরিদ্র পরিবারের এসব নারী শ্রমিকরা সকালে গৃহস্থালীর কাজ শেষ করে পুরুষ দেও সাথে দিন মজুরি শ্রমিকের কাজে নেমে পড়েন। তাদের সমান তালে সব কাজ করছেন তারা।
এখানে স্থানীয়ভাবে একজন পুরুষ শ্রমিক দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি পান। কিন্তু তাদের সমান কাজ করে একজন নারী শ্রমিক পান ৩৫০ থেকে ৪০০ টাকা মজুরি। অর্থাৎ একই কাজ করে প্রতিদিন তারা ১০০ থেকে ২০০ টাকা কম পাচ্ছেন। দীর্ঘদিন ধরে চলছে এই শ্রম বৈষম্য।
উপজেলার নোহালী ইউনিয়নের কালিয়ার মোড়ে ধান কাটার মাঠে গিয়ে দেখা যায়, পুরুষ শ্রমিকদের পাশাপাশি কয়েকজন নারীও কাজে ব্যস্ত। তাদের মধ্যে আছেন আরতী রানী (৩৫), পলাশী রানী (৪০) ও রুপালী রানী (৩০)। ধান কাটা, আঁটি বাঁধাসহ নানা কাজ করছেন তারা। কাজের ধরনে তেমন পার্থক্য না থাকলেও মজুরিতে রয়েছে এই বড় ব্যবধান।
সকাল থেকে বিকভল পর্যন্ত রোদে পুড়ে ধান কাটেন এই নারী শ্রমিকরা। পুরুষ শ্রমিকদের সঙ্গে সমানতালে খাটেন, ঘামে ভিজে যায় শরীর। তবু দিন শেষে তার হাতে ওঠে পুরুষের চেয়ে কম মজুরি।
নারী শ্রমিকেরা জানান, সংসারের বাড়তি আয় ও জীবিকার তাগিদে তারা দীর্ঘদিন ধরে কৃষিকাজ করছেন। ধান কাটার মৌসুমে সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠেই কাটে তাদের দিন। রোদ-বৃষ্টি উপেক্ষা করে পুরুষদের মতোই পরিশ্রম করলেও মজুরি নির্ধারণের বেলায় তাদের কম দেওয়া হয়। তবুও তারা সংসার এবং জিবিকার তাগিদে কম মজুরিতেই শ্রমিকের কাজ করে যাচ্ছেন।
কালিয়া এলাকার নারী শ্রমিক পলাশী রানী বলেন, ‘সকাল থাকি বিকাল পর্যন্ত রোইদত পুড়ি, পুরুষ মানুষের সাথে পাল্লা দিয়া ধান কাটি। ধান কাটা, আঁটি বাঁধা সব কাম করি। তবুও হামাক ওমার চেয়ে কম টাকা দেয়। হামারও তো সংসার আছে, ছেলেমেয়ে আছে। এই টাকা দিয়া সংসার চালানোই কষ্ট হয়। সমান কাম করি, তাইলে হামাক সমান টাকা দিবে না ক্যা? হামরা কি মানুষ না?’
এ উপজেলায় ধান কাটা থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত কৃষিতে নারীর অবদান গুরুত্বপূর্ণ। অথচ একই কাজ করেও মজুরিতে বৈষম্যের শিকার হচ্ছেন তারা। নারী শ্রমের যথাযথ মূল্যায়নে এই ব্যবধান দূর করে সমান কাজের জন্য সমান মজুরি নিশ্চিতের দাবি উঠেছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়