
ময়মনসিংহ সংবাদদাতাঃ
হার্টের রোগ ধরা পড়ার পর চিকিৎসকের পরার্মশে ছোট পরিসরে শুরু করেন ফুল ও ফলের বাগান। সেই উদ্যোগের সাফল্য থেকে এখন পাঁচ একরজুড়ে চাষাবাদ করছেন নানা ধরনের ফল। যা থেকে পেয়েছেন ব্যাপক সাফল্য। এরপর গড়ে তুলেছেন দেশি-বিদেশি ফলের এক ব্যতিক্রমী সংগ্রহশালা। এর মাধ্যমে বছরে আয় করছেন মোটা অংকের টাকা টাকা। সফল এ উদ্যোক্তার নাম স্কুল শিক্ষ মো.কাজিম উদ্দিন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরের অনন্তপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়,এ স্কুল শিক্ষক ২০১৯ সালের ২৭ ডিসেম্বর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর তার হার্টে তিনটি রিং পরানো হয়। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সেই কঠিন সময়ে চিকিৎসকের দেওয়া একটি পরামর্শ বদলে দেয় তার জীবনের গতিপথ। ফুল ও ফলের বাগান করার সেই পরামর্শ থেকেই শুরু। কয়েকটি ফলগাছ দিয়ে শুরু করা উদ্যোগ এখন বিস্তৃত হয়েছে প্রায় পাঁচ একর জমিতে। গড়ে উঠেছে দেশি-বিদেশি ফলের এক ব্যতিক্রমী সংগ্রহশালা।
বর্তমানে প্রায় পাঁচ একর জমিতে তার বাগানে রয়েছে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের দুই শতাধিক জাতের আড়াই থেকে তিন হাজার গাছ। এসব গাছের মধ্যে রয়েছে মাল্টা, লেবু, কাঁঠাল, আম, আঙুরসহ নানা পরিচিত ও দুর্লভ ফলের জাত। শখের বশে শুরু করা বাগানটি এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। পাশাপাশি বাণিজ্যিকভাবেও পেয়েছেন সাফল্য।
২০২১ সাল থেকে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি বারোমাসি মাল্টার আবাদ শুরু করেন তিনি। বর্তমানে প্রায় পাঁচ একর জমির মধ্যে তিন একরজুড়ে রয়েছে মাল্টাবাগান। এক একর জমিতে চাষ করছেন কলম্বো ও সিডলেস লেবু। ১৫ শতক জমিতে রয়েছে ভিয়েতনামি ও বারি-৪ জাতের কাঁঠাল। অবশিষ্ট জমিতে বিভিন্ন জাতের ফলগাছ লাগিয়েছেন।
বাগানে রয়েছে থাইল্যান্ডের বারোমাসি আঠাবিহীন কাঁঠাল, অস্ট্রেলিয়ার হলুদ মাল্টা, সাদা জাম, রামবুটান, মিষ্টি তেঁতুল, সৌদি খেজুর, রুবি লংগান, অ্যাভোকাডো, মিসরীয় ও পাকিস্তানি আনার। এ ছাড়া রয়েছে ফিলিপাইনের লাল ও কালো আখ, চেরি, শরিফা, করমচা, বারোমাসি কদবেল ও আমড়ার গাছ।
আমের সংগ্রহও বেশ সমৃদ্ধ। বাগানে রয়েছে মিয়াজাকি, কিউজাই, কিং অব চাকাপাত, আম্রপালি, হাঁড়িভাঙা, কাটিমন ও বারি-৪সহ ২০টির বেশি জাতের আমগাছ। আঙুরের জাত রয়েছে ৩০টির বেশি। দেশের বিভিন্ন এলাকা থেকে এসব গাছের চারা সংগ্রহ করেছেন তিনি। কোনো কোনো চারা কিনতে নিজেই ছুটে গেছেন বিভিন্ন অঞ্চলে। আবার কিছু চারা সংগ্রহ করেছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে।
শুধু বিদেশি ও নতুন জাত সংগ্রহেই সীমাবদ্ধ নন কাজিম উদ্দিন। হারিয়ে যেতে বসা দেশি ফলের জাত সংরক্ষণেও রয়েছে তার বিশেষ আগ্রহ। বাগানে ‘তাহানপুরা’ বা ‘দশবেল’ নামে পরিচিত একটি দুর্লভ ফলের দুটি গাছ রয়েছে। গাছ দুটিতে ফলও ধরেছে।
ফল বাগান থেকে প্রতি বছর কয়েক লাখ টাকা আয় করেন কাজিম মাষ্টার। শিক্ষকতার ব্যস্ততার মধ্যেও অবসর পেলেই গাছের কাছে ছুটে যান কাজিম উদ্দিন। কখনো গাছের পরিচর্যা করেন, কখনো বসে থাকেন গাছের ছায়ায়। তার কাছে বাগান কেবল আয়-রোজগারের মাধ্যম নয়, মানসিক প্রশান্তিরও ঠিকানা।
কাজিম উদ্দিনের ব্যতিক্রমী ফলবাগান দেখতে বিভিন্ন সময়ে আসছেন কৃষক, শিক্ষক ও গবেষকেরা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও বাগানটি পরিদর্শন করেছেন। সম্প্রতি কৃষিপণ্যের বাজারজাতকরণ নিয়ে বিশ্ববিদ্যালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি দলও বাগানটি ঘুরে দেখে।
ফল বাগানের উদ্যোক্তা কাজিম মাষ্টার জানান, আমি যখন বাগানে ঢ়ুকি, কোনো গাছের কাছে যাই, তখন মনে হয় গাছটি আমাকে ডাকছে। আমার সঙ্গে কথা বলতে চাইছে, একটু আদর করতে চাইছে। গাছের পরিচর্যা করলে আমার মন ভালো হয়ে যায়। পাঁচ মিনিট সময় পেলেও কোনো না কোনো গাছের নিচে গিয়ে বসি। এখন গাছ ছাড়া আর কিছু ভাবতেও পারি না।
বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কাজিম উদ্দিনের। এরই মধ্যে নতুন করে এক একর জমিতে ফলগাছ লাগিয়েছেন। আরও এক একর জমিতে বাগান করার প্রস্তুতি নিচ্ছেন। তার আশা, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে পাহাড় অনন্তপুর গ্রামে মাল্টা চাষের ব্যাপক বিস্তার ঘটবে।
তিনি জানান, বাগান করার শুরুর দিকে তার উদ্যোগ নিয়ে অনেকে হাসাহাসি করতেন। তবে এখন পরিস্থিতি বদলেছে। আশপাশের কৃষকেরাও তার বাগান দেখে ফল চাষে আগ্রহী হচ্ছেন।
ফুলবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, কৃষি বিভাগ বিভিন্ন সময়ে কাজিম উদ্দিনকে প্রদর্শনী ও নতুন জাতের চারা দিয়ে সহযোগিতা করেছে। তবে তার এই উদ্যোগের পেছনে ব্যক্তিগত আগ্রহ ও প্রচেষ্টাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। কাজিম উদ্দিন ব্যতিক্রমী একজন কৃষক। নিজের শখকে কাজে লাগিয়ে তিনি দেশি-বিদেশি নানা জাতের ফলগাছের সংগ্রহ গড়ে তুলেছেন। আমরা তার বাগানে গিয়ে দেশি-বিদেশি প্রায় ৩৫ ধরনের ফলের গাছ দেখতে পেয়েছি। এর বাইরেও অনেক সংগ্রহ রয়েছে। কিছু দেশি ফলের জাত এখন মাঠপর্যায়ে খুব একটা দেখা যায় না, তিনি সেগুলোও সংরক্ষণ করছেন। ভবিষ্যতে কৃষি গবেষণার জন্য এ ধরনের সংগ্রহশালা গুরুত্বপূর্ণ হতে পারে।
কৃ/স/জয়