প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
চাঙ্গা হচ্ছে গদখালীর ফুলের বাজার

যশোর সংবাদদাতাঃ
শীত মৌসুম কে সামনে রেখে চাঙ্গা হতে শুরু করেছে ফুলের রাজধানী খ্যাত যশোরের পদখালী ফুলের বাজার। বাজারে নানা জাতের ফুল নিয়ে আসতে শুরু করেছেন চাষীরা। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পাঁচ মাসকে ফুল বিক্রির প্রধান মৌসুম হিসেবে বিবেচনা করেন চাষীরা। এ সময়ে বিজয় দিবস, বড়দিন, ইংরেজি নববর্ষ, ভালোবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতা দিবস ঘিরে ফুলের চাহিদা বাড়ে। ব্যাপারীদের হাত ধরে এখানকার ফুল যাচ্ছে সারা দেশের বাজারে।
গদখালী বাজারের দুই পাশে ৬২টি ফুলের দোকান রয়েছে। এছাড়া প্রতিদিন সকালে প্রায় ৪৫০ জনের বেশি চাষী ও বিক্রেতা সড়কের পাশে ফুল নিয়ে বসেন। ভোর থেকেই জমে ওঠে পাইকারি বেচাকেনা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা এসব ফুল কিনে ঢাকা, খুলনাসহ বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করেন।
চার দশক আগেও যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী অঞ্চলের মাঠজুড়ে ছিল ধান, পাট ও শাকসবজির আবাদ। সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। আবাদি জমির বড় অংশজুড়ে এখন গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, লিলিয়াম, কার্নেশন ও অর্কিডসহ নানা জাতের দেশী-বিদেশী ফুলের চাষ হচ্ছে। ফুল উৎপাদনকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাইকারি ও খুচরা বাজার। তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান ও জীবিকার সুযোগ। দেশের ফুল উৎপাদন ও বিপণনের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে গদখালী। শীতের মৌসুম সামনে রেখে এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে বাজার।
বর্তমানে বাজারে প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে ৪-৬ টাকা, গ্লাডিওলাস ১০-১৮ টাকা, জারবেরা ৮-১৫ টাকা এবং রজনীগন্ধা ৩-৫ টাকা দরে। প্রতি ১০০টি চন্দ্রমল্লিকা বিক্রি হচ্ছে ৩৫০-৪০০ টাকায়। এক হাজার গাঁদা ফুলের দাম ৪০০-৫০০ টাকা। ফুল সাজানোর কাজে ব্যবহৃত কামিনী পাতার প্রতি আঁটি ৫৫ টাকা এবং জিপসির আঁটি ১০০ টাকা। এছাড়া রড স্টিকের প্রতি বান্ডিল বিক্রি হচ্ছে ২০০ টাকায়। চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে এসব ফুলের দাম ওঠানামা করে|
হাড়িয়া গ্রামের ফুলচাষী মিজানুর রহমান বলেন, ‘ফুল চাষে লাভের সম্ভাবনা থাকলেও শুরুতে বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক ও পরিচর্যায় নিয়মিত খরচ রয়েছে। দেড় বিঘা জমিতে চায়না গোলাপ চাষে তার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে।’
স্থানীয় ফুলচাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল খায়ের বলেন,দেশের ফুলের বাজারের আকার প্রায় দেড় হাজার কোটি টাকা। বাজারের চাহিদা অনুযায়ী নতুন জাতের ফুল উৎপাদন ও আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়