প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 25, 2026 ইং
কুমড়া চাষে লাখপতি প্রতিবন্ধি আক্কাস

মাগুড়া সংবাদদাতাঃ
মিষ্টি কুমড়া চাষে ব্যাপক সফলতা পেয়েছেন আক্কাস আলী খান নামে এক শারীরিক প্রতিবন্ধি। ১৮ বিঘা জমিতে তিনি এ চাষাবাদে খরচ বাদে প্রায় ৩ লাখ টাকা লাভ করেছেন। এর আগে তিনি চিয়া সিড চাষেও ব্যাপক সফলতা পান। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে অদম্য ইচ্ছাশক্তি, পরিশ্রম আর আত্মবিশ্বাসের মাধ্যমে কৃষিতে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সফল এ চাষী মাগুড়া জেলা সদরের নালিয়াডাংগি গ্রামের বাসিন্দা।
জানা যায়, এ চাষী এবার ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া চাষাবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যায় এবার বাম্পার ফলন হয়েছে তার ক্ষেতে। বাজারদর ভালো থাকায় খরচ বাদে বেশ লাভের মুখ দেখছেন হার না মানা এই কৃষক। তার জমিতে এবার ৩৬০ মন মিষ্টি কুমড়া উৎপাদন হয়েছে। যা বিক্রি করে তিনি খরচ বাদে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা আয় করেছেন। এতে উৎপাদন খরচ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা।
নিজের শ্রম, মেধা ও কৃষির প্রতি ভালোবাসা দিয়ে তিনি প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতার মধ্যেও সফল হওয়া সম্ভব। তার এ সাফল্য শুধু নিজে স্বাবলম্বি হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের অন্য প্রতিবন্ধী ব্যক্তি ও বেকার যুবকদের জন্যও তৈরি হয়েছে নতুন সম্ভাবনার বার্তা।
এর আগে তিনি চিয়া সিডের মতো সুপারফুড চাষ করে পরিচিতি পাওয়ার পর এবার মিষ্টি কুমড়া চাষেও পেয়েছেন অভাবনীয় সাফল্য। তার এই অর্জন এখন অন্য কৃষকদের জন্যও অনুপ্রেরণা।
কৃষি উদ্যোক্তা আক্কাস খান বলেন, প্রতিকূল আবহাওয়াকে চ্যালেঞ্জ করে কৃষিকাজ করতে হয়। আমি চেষ্টা করছি প্রতিটা কৃষি মৌসুমে ধান, পাট, পেঁয়াজ, কুমড়া, চিয়াসিড উৎপাদন করতে। এবছর ১৮ বিঘা জমিতে মিষ্টি কুমড়া উৎপাদন করেছি। আশা করছি, খরচা বাদ দিয়ে লাভবান হবো। পরের মৌসুমে আমি আবার চিয়াসিড চাষ করবো বলে মনস্থির করেছি।
মাগুড়া সদর কৃষি কর্মকর্তা মো. নূর এ নবীন বলেন, শারীরিক সীমাবদ্ধতা তার স্বপ্নকে আটকে রাখতে পারেনি। সে চিয়াসিড (সুপার ফুড) থেকে শুরু করে কৃষির সব জায়গায় পদচারণা করছেন। এবছর কুমড়া চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন। এ সফলতার পেছনে কৃষি অফিস নিয়মিত তদারকি ও সার্বিক সহযোগিতা করছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়