প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 21, 2026 ইং
বৃষ্টিতে পাকা ধান-সবজি নিয়ে বিপাকে কৃষক

যশোর সংবাদদাতাঃ
যশোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে জনজীবনের পাশাপাশি কৃষিকাজেও বিপর্যয় দেখা দিয়েছে। বৃষ্টিতে মাঠে কেটে রাখা আমন ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে শীতকালীন সবজির ক্ষেতেও ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। এতে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। গত ৩৬ ঘণ্টায় জেলায় ১৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, চলতি মৌসুমে যশোরে ১ লাখ ৩৩ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।কৃষকরা জানান, এ বছর আমন ধানের ফলন ভালো হয়েছিল। ধান পেকে যাওয়ায় তারা দ্রুত ফসল কাটতে শুরু করেন। কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টিতে তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ধানে চিটা ও পচন ধরার আশঙ্কা রয়েছে। এতে ফসল ঘরে তুলতে বাড়তি খরচও হতে পারে।
বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে মাঠের পর মাঠে কেটে রাখা আমন ধান পানিতে ভিজে যাচ্ছে। ধান শুকানোর সুযোগ না পাওয়ায় সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এতে সারা বছরের পরিশ্রমের ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যশোর বিমানবাহিনীর আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । এরপর সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত আরও ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
কৃষকরা আরও জানান, ডিজেলের দাম বৃদ্ধি, সার ও কীটনাশকের বাড়তি মূল্য এবং কৃষিশ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এমনিতেই আমন চাষের উৎপাদন খরচ বেড়েছে। এর মধ্যে বৃষ্টিতে ফসলের ক্ষতি হলে লোকসানের মুখে পড়তে হবে তাদের। ভালো ফলন হলেও উৎপাদন খরচ তুলে আনা কঠিন হয়ে পড়বে।
মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের কৃষক মো. আব্দুস সালামের আক্ষেপ, ধান কাটার পর বাড়িতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু বৃষ্টির কারণে মাঠ থেকে ধান তুলতে পারছেন না। জমিতে ধান ভিজে যাচ্ছে। এবার ফসলের ক্ষতি হলে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
মোবারকপুর গ্রামের কৃষক আব্দুল জলিল বললেন, অনেক কষ্ট করে ধান আবাদ করেছেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু ধান কাটার পর হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় মাঠে রাখা ফসল নিয়ে বিপদে পড়েছেন। ধান শুকানোর কোনো সুযোগ পাচ্ছেন না। এভাবে বৃষ্টি চলতে থাকলে অনেক ধান নষ্ট হয়ে যাবে।
কৃষক আবুল কালাম বললেন, সারা বছর মাঠে পরিশ্রম করে যে ধান ফলিয়েছেন, এখন সেই ধান ঘরে তোলার সময় এমন পরিস্থিতিতে পড়তে হবে, তা ভাবেননি। বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় আছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়