প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 20, 2026 ইং
গুলশান বনানী বারিধারার লেকের দূষন কমানোর উদ্যোগ

কৃষি সময় প্রতিবেদকঃ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা লেক ও এর আশপাশের জলাশয়ের দূষণ কমিয়ে পরিবেশ রক্ষায় পুরো এলাকার পয়োবর্জ্য শোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব লেকের পয়োবর্জ্য সরাসরি দাশেরকান্দি পয়ঃশোধনাগারে শোধন করা হবে। এসব বর্জ্য শোধনাগারে নিয়ে যেতে নির্মাণ করা হবে ১৪০ কিলোমিটার দৈর্ঘ্যরে পয়োলাইন। এতে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ইতোমধ্যে একনেক সভায় উপস্থাপন করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে এসব এলাকায় নির্মল বায়ু এবং পরিবেশ ফিরে আসবে।
জানা যায়, রাজধানীর অভিজাত এলাকার পয়োবর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশদূষণ দূর করতে স্থানীয় সরকার বিভাগ এ উদ্যোগ নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা ওয়াসা। বর্তমানে এসব বর্জ্য সরাসরি গুলশান, বনানী, বারিধারা লেক হয়ে হাতিরঝিলে পড়ছে। ফলে হাতিরঝিলের পরিবেশ নষ্টের পাশাপাশি অনেক জায়গায় চলাচলও অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে পয়োবর্জ্য শোধনাগারে নেয়ার উদ্যোগ নিচ্ছে স্থানীয় সরকার। স্যুয়ারেজ কালেকশন নেটওয়ার্কের মাধ্যমে হাতিরঝিল এলাকা হয়ে দাশেরকান্দি পয়ঃশোধনাগারে পাঠানো হবে। প্রকল্পটি অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারিতে কাজ শুরু হয়ে শেষ হবে ২০২৯ সালের ডিসেম্বরে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, এসব এলাকার পয়োবর্জ্য সংগ্রহ ও তা শোধনের প্রকল্পটি সমীক্ষা করেছে ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিং। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০০ কোটি টাকা পরামর্শক ব্যয় ধরা হয়েছে।
সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পের আওতায় ১৪০ কিলোমিটার লাইন নির্মাণের পাশাপাশি ছয়টি পয়োলিফটিং স্টেশন নির্মাণ, পয়ঃক্লিন যন্ত্রপাতি ক্রয় ও ভূমি উন্নয়ন করা হবে।
এ উদ্যোগের পেছনে রয়েছে রাজধানীর জলাশয় দূষণের দীর্ঘদিনের সমস্যা। গুলশান, বনানী ও বারিধারা এলাকার বিভিন্ন ভবনের পয়োবর্জ্য যথাযথভাবে শোধন না করেই ড্রেন ও জলাশয়ে ফেলা হচ্ছে। ফলে এসব এলাকার লেকের পানির গুণগত মান ক্রমেই নষ্ট হচ্ছে।
ঢাকা ওয়াসার পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রকল্পের আওতায় গুলশান, বনানী, মহাখালী, বারিধারা, কালাচাঁদপুর, জোয়ারসাহারা এবং বাড্ডার শাহজাদপুর ও মেরুল বাড্ডায় পয়োবর্জ্য সংগ্রহের লাইন নির্মাণ করা হবে। এসব এলাকার বর্জ্য বিদ্যমান পয়োনিষ্কাশন নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করে দাশেরকান্দি শোধনাগারে পাঠানো হবে। এর ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পয়ঃসেবার মান উন্নত হওয়ার পাশাপাশি গুলশান, বনানী ও বারিধারা লেকসহ আশপাশের জলাশয়ে অপরিশোধিত বর্জ্য পড়া কমবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, এসব এলাকার পয়োবর্জ্য সংগ্রহ ও তা শোধনের প্রকল্পটি সমীক্ষা করেছে ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিং। প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ২০০ কোটি টাকা পরামর্শক ব্যয় ধরা হয়েছে।
এ বিষয়ে প্রকল্পের পরিচালক ও এলজিইডির প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার বলেন,প্রকল্পটি মন্ত্রীসভায় উপস্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে এর কার্যক্রম শুরু হবে। এটি বাস্তবায়ন করা গেলে এসব এলাকার চিত্র পাল্টে যাবে।
কৃ/স//জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়