প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2026 ইং
আধুনিক পদ্ধতিতে টমেটো চাষে লাভবান হচ্ছে কৃষক

মৌলভীবাজার সংবাদদাতাঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক পদ্ধতি অবলম্বন করে টমেটো চাষাবাদ করে কৃষকরা বেশ সফলতা পাচ্ছেন। মালচিং ও গ্রাফটিং দুটি পদ্ধতি একসঙ্গে ব্যবহার করে গ্রীষ্মকালীন ও শীতকালীন টমেটো চাষ কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক কৃষক এটি ব্যবহারে ভাল ফলন পাওয়ায় দ্রুত বাড়ছে এ পদ্ধতির ব্যবহার।
জানা গেছে, জেলায় গ্রীষ্মকালীন টমেটো প্রায় ২১ হেক্টর চাষ হয় যা প্রতি হেক্টরে গড়ে ৩০ টন ফসল উৎপাদন হয়। শীতকালীন ১ হাজার ২২১ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়। প্রতি হেক্টরে ৩০-৩৫ টন ফসল উৎপাদন হয়। গ্রীষ্মকালীন বারি টমেটো-৮ সারা বছর চাষ করা যায়। বন বেগুন বা কাটা বেগুনের সঙ্গে কলম উপযোগী। গ্রাফটিং করা চারায় প্রচুর উৎপাদন হয় ফসল। এই পদ্ধতিতে গত ৫-৬ বছর ধরে কৃষকেরা টমেটো চাষ করছেন।
সরেজমিনে দেখা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলা আদমপুর, মাধবপুর ও সদর ইউনিয়নে কৃষক মালচিং পেপারের এবং গ্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে গ্রীষ্মকালীন টমেটো চাষ করছেন। পাশাপাশি ব্যাপকভাবে শীতকালীন টমেটো চাষ করছেন। গ্রীষ্মকালীন টমেটো চাষে খরচ বেশি হলেও বাজারে অনেক ভালো দাম পাওয়া যায়। শুরুরদিকে কৃষকেরা প্রতি কেজি টমেটো ১০০ টাকা পাইকারি বিক্রি করেছেন। এখন বাজার অনুযায়ী ৫০-৬০ টাকা করে বিক্রি করছেন। তবে গ্রাফটিং পদ্ধতিতে বেশিরভাগ কৃষক সফল হলেও কিছু কৃষকের গাছ ফসল ধরার সময় পোকার আক্রমণে গাছ মরে যাচ্ছে। এতে করে কৃষি বিভাগের কোনো সহযোগিতা পাননি কৃষকেরা।
টমেটো চাষিরা জানান, এখানকার কৃষকেরা লাখ লাখ টাকা খরচ করে চারা ড্রাফটিং করেন। এসব চারা বিভিন্ন জায়গায় বিক্রি করেন। মালচিং পেপারের মধ্যে গ্রাফটিং টমেটো চারা রোপণ করা হয়। ৩০ শতক জমিতে টমেটো চাষ করতে ৩-৪ লাখ টাকা খরচ হয়। তবে আবহাওয়া অনুকূলে থাকলে অনেক ভালো ফসল উৎপাদন হয়। অনেক কৃষক আছেন ৪ থেকে ৫ একর জায়গাজুড়ে টমেটো চাষ করছেন। একেকটি টমেটো খেতে প্রতিদিন গড়ে ৬-৭ জন শ্রমিক সবসময় কাজে নিয়োজিত থাকতে হয়। এই গ্রাফটিং পদ্ধতি টমেটো ব্যাপকভাবে চাষ হলে গ্রীষ্মকালেও বাজারে ব্যাপকভাবে টমেটো পাওয়া যেতো। যা বাংলাদেশে সবজির বাজারে নতুন মাইলফলক হতো।
গ্রাফটিং পদ্ধতিতে বন বেগুন বা তিতা বেগুনের শক্ত কাণ্ডের সঙ্গে টমেটোগাছের অংশ জোড়া লাগানো হয়। এতে টমেটোগাছের শিকড়ের শক্তি বাড়ে, রোগের প্রবণতা কমে এবং ফলন বৃদ্ধি পায়। কমলগঞ্জ কৃষকরা প্রথম এ পদ্ধতি ব্যবহার শুরু করে সফলতা পেয়েছেন।
অন্যদিকে মালচিং পেপার এমন একটি কৃষিপদ্ধতি, যেখানে চাষের আগে জমিতে বিশেষ ধরনের পেপার বিছিয়ে দেওয়া হয়। এতে আগাছা, সরাসরি সূর্যের তাপ ও বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল সুরক্ষিত থাকে। একবার বিছানো মালচিং পেপার ব্যবহার করে কয়েক দফা ফসলও উৎপাদন করা সম্ভব।
কমলগঞ্জ সদর ইউনিয়ন তিলকপুর গ্রামের টমেটো চাষি আব্দুস সালাম বলেন, মালচিং পেপারের ওপর গ্রাফটিং চারা রোপণ করা হয়। মালচিং পেপার দিলে মাটি ঢেকে রাখে। আগাছা জন্মায় না রোপণকৃত ফসলের গাছ দ্রুত বড় হয়। মালচিং ও ড্রাফটিং পদ্ধতির সংমিশ্রণে দারুণভাবে সফলতা আসছে টমেটোসহ কৃষিতে।
আতিকুর রহমান নামে আরেক চাষী বলেন, এ বছর আমি ১৫ হাজার চারা ড্রাফটিং করে মালচিং পদ্ধতিতে রোপণ করেছিলাম। এতে ১২ লাখ টাকা খরচ হয়েছে। গত ১৫ দিন ধরে টমেটো বিক্রি করছি। টমেটো চাষে প্রচুর খরচ। আশা করি ৩০ লাখ টাকার টমেটো বিক্রি করতে পারবো। এখন প্রতি কেজি টমেটো ৬০ টাকা করে বিক্রি করছি।
আদমপুর ইউনিয়নের টমেটো চাষি গিয়াস উদ্দিন বলেন, মালচিং পেপারে প্রায় ২ একর জায়গায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করছি। ফলন ভালো হয়েছে। তবে অনেক টাকা খরচ হয়েছে। গ্রাফটিং পদ্ধতিতে চারা রোপণ করেছি। গত ৪-৬ বছর ধরে এই পদ্ধতিতে আমরা টমেটো চাষ করি।
মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন বলেন, তিত বেগুন শিকড়ের সঙ্গে বারি টমেটো-৮ এর অংশ লাগিয়ে ড্রাফটিং করা হয়। ড্রাফটিং করতে হলে একই জেনেটিক হতে হবে। তিত বেগুন ও টমেটোর একই জেনেটিক এজন্য গ্রাফটিক করা যাচ্ছে। এই পদ্ধতি ব্যাপকভাবে বিস্তার হলে বাজারে সারা বছর আমাদের উৎপাদনকৃত টমেটো পাওয়া যাবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়