প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
চট্টগ্রামে খাদ্যশস্য উৎপাদনে ধ্বস

চট্টগ্রাম সংবাদদাতাঃ
দেশের অন্যতম বৃহৎ চট্রগ্রাম অঞ্চলে খাদ্যশস্য উৎপাদন আশঙ্কা জনকভাবে কমে আসছে। এ অঞ্চলে চাহিদার তুলনায় অর্ধেক শস্যও উৎপাদন হচ্ছে না। এখানকার মানুষের চাহিদানুর্যায়ী খাদ্যের যোগান দিতে অন্য স্থান থেকে আমদানি করতে হচ্ছে। কৃষি বিভাগের জরিপে এমন তথ্যই উঠে এসেছে।
কৃষি বিভাগের তথ্যনুর্যায়ী, ২০২৫-২৬ অর্থবছরে চট্টগ্রাম জেলায় খাদ্যশস্যের চাহিদা ছিল প্রায় ১৬ লাখ ৪০ হাজার টন। বিপরীতে উৎপাদন হয়েছে ৯ লাখ ১২ হাজার ২৩৬ টন। বীজ ও খাদ্যশস্যের অপচয় বাবদ ১১ দশমিক ৫৮ শতাংশ বাদ দেয়ার পর নিট খাদ্যপ্রাপ্তি দাঁড়িয়েছে ৮ লাখ ৬ হাজার ৫৯৯ টনে। অর্থাৎ স্থানীয় উৎপাদন থেকে অপচয় বাদে জেলার মোট চাহিদার মাত্র ৪৯ দশমিক ১৮ শতাংশ পূরণ হচ্ছে। বাকি ৫০ দশমিক ৮২ শতাংশের জন্য অন্য জেলার ওপর নির্ভর করতে হচ্ছে।
অর্থবছরভিত্তিক পরিসংখ্যানেও খাদ্য ঘাটতি বৃদ্ধির চিত্র উঠে এসেছে। ২০১৮-১৯ অর্থবছরে ১৪ লাখ ৩৩ হাজার ৬৬৫ টন চাহিদার বিপরীতে ঘাটতি ছিল ৬ লাখ ৯১ হাজার ৮২৮ টন। ২০১৯-২০ অর্থবছরে চাহিদা ১৪ লাখ ৪৯ হাজার ৭২২ টন এবং ঘাটতি ৭ লাখ ১০ হাজার ৮৩৪ টন।
২০২০-২১ অর্থবছরে চাহিদা ১৪ লাখ ৬৫ হাজার ৯৫৮ টনের বিপরীতে ঘাটতি ছিল ৬ লাখ ৯২ হাজার ৪০১ টন। পরের অর্থবছরে ঘাটতি বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৪৩ হাজার ৫৫৮ টনে। ২০২২-২৩ অর্থবছরে তা ছিল ৭ লাখ ১৭ হাজার ৯৪৫ টন, ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ২৫ হাজার এবং ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৪১ হাজার ৬৯৮ টন।
অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরে চট্টগ্রাম জেলায় খাদ্যশস্যের চাহিদা ছিল ১২ লাখ ৫০ হাজার ৬৬৮ টন। সে সময় উৎপাদন হয়েছিল ৭ লাখ ৩৪ হাজার ৬৬৮ টন। চাহিদা ও উৎপাদনের ব্যবধান ছিল ৫ লাখ ১৬ হাজার টন। গত নয় বছরে জেলার জনসংখ্যা ৭৫ লাখ ৫৪ হাজার থেকে বেড়ে ৯৪ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে। এ সময়ে খাদ্যশস্যের চাহিদা বেড়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩৩২ টন। বিপরীতে অপচয় বাদে খাদ্যপ্রাপ্তি বেড়েছে মাত্র ১ লাখ ৭৭ হাজার ৫৬৮ টন। ফলে খাদ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৩৩ হাজার ৪০১ টনে।
চট্টগ্রাম কৃষি অঞ্চলের পাঁচ জেলার মধ্যে খাদ্য ঘাটতি রয়েছে শুধু চট্টগ্রাম জেলায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কঙ্বাজারে ৩ হাজার ৪৩৬ টন, নোয়াখালীতে ৩ লাখ ২১ হাজার ৩০৫, ফেনীতে ৪৬ হাজার ২২৮ ও লক্ষ্মীপুরে ৮০ হাজার ৩৩৮ টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। সব মিলিয়ে এ অঞ্চলে খাদ্যশস্যের চাহিদা ৩১ লাখ ৮০ হাজার ৪৬১ টন। উৎপাদন ৩২ লাখ ৯১ হাজার ২২৬ টন হলেও অপচয় বাদে নিট খাদ্যপ্রাপ্তি ২৯ লাখ ১০ হাজার ১০২ টন। এতে আঞ্চলিক পর্যায়ে ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজার ৩৫৯ টনে।
অধিদপ্তরের হিসাব তৈরিতে জনপ্রতি দৈনিক খাদ্যশস্যের চাহিদা ৪৪২ গ্রাম ও জনসংখ্যা বৃদ্ধির হার বিবেচনায় নেয়া হয়। ২০২৩-২৪ অর্থবছর থেকে জনসংখ্যা বৃদ্ধির হার ধরা হচ্ছে ১ দশমিক ১২ শতাংশ। এর আগে এ হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। খাদ্যশস্যের পরিসংখ্যানে আমন, আউশ ও বোরো ধানের চাল, গম ও ভুট্টার উৎপাদন অন্তর্ভুক্ত করা হয়। বীজ ও খাদ্য অপচয় বাবদ ১১ দশমিক ৫৮ শতাংশ বাদ দিয়ে নিট খাদ্যপ্রাপ্তি হিসাব করা হয়। এ হিসাবের বাইরে ডাল ও বিভিন্ন ধরনের সবজির উৎপাদন-চাহিদার তথ্য রয়েছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, আবাসন ও শিল্পায়নের বিস্তারে চট্টগ্রামে কৃষিজমির পরিমাণ কমছে। অন্যদিকে বাড়ছে জনসংখ্যা ও খাদ্যের চাহিদা। এ পরিস্থিতিতে উৎপাদন বাড়াতে হাইব্রিড জাতের ফসল আবাদ ও অনাবাদি জমি চাষের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে। তবে স্থানীয় উৎপাদন দিয়ে চাহিদা পূরণ সম্ভব না হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে খাদ্যশস্য আনতে হচ্ছে। এতে পরিবহন ব্যয়সহ সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ের খরচ যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে দাম বাড়ছে।
কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন,চট্টগ্রামে কৃষিজমি কমে যাওয়ায় স্থানীয় উৎপাদন বাড়ানোর সুযোগ সীমিত। সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি টিসিবির মাধ্যমে আলু-পেঁয়াজসহ আরো কিছু শুকনা খাদ্যপণ্য স্বল্পমূল্যে বিক্রির ব্যবস্থা করা গেলে সাধারণ মানুষ উপকৃত হবে।
চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আঞ্চলিক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, চট্টগ্রাম দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও বাণিজ্যিক নগরী হওয়ায় জনসংখ্যা ও খাদ্যের চাহিদা তুলনামূলক বেশি। কিন্তু শিল্পায়নের কারণে কৃষিজমির পরিমাণ সীমিত। ফলে স্থানীয় উৎপাদন দিয়ে জেলার চাহিদা পূরণ সম্ভব হয় না। অন্য অঞ্চলের উদ্বৃত্ত খাদ্যশস্য চট্টগ্রামে আনতে হয়।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়