
রাজশাহী সংবাদদাতাঃ
রাজশাহীর বিভিন্ন উপজেলার মাঠে মাঠে চলছে আমন ধান কাটার ধুম। ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও কৃষানীরা। চাষীরা বলছেন,এবার আবহাওয়া অনুকূল থাকায় ধানের ভাল ফলন পেয়েছেন তারা। তবে বাজারে ধানের তেমন দাম না থাকায় তারা উৎপাদন খরচ তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৬০০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদ হয়েছে ৮৩ হাজার ৬৭০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ হেক্টর বেশি। এ মৌসুমে ধানের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ১৪ হাজার ৩৩৬ মেট্রিক টন। ইতিমধ্যে ১২ হাজার ৪২৩ হেক্টর জমির ধান কাটা হয়েছে। গড় ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বিঘাপ্রতি ১৭ থেকে ২০ মণ।
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার তেঘর, বাগসারা ও পাইকপাড়া বিল ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠের কোথাও পাকা, কোথাও আধা পাকা ধান দুলছে। ভোরের হালকা কুয়াশা আর মৃদু শীতের বাতাসে মাঠজুড়ে তৈরি হয়েছে সোনালী আভা। কাস্তে হাতে ধান কাটছেন কৃষকেরা। কেউ আঁটি বাঁধছেন, কেউ আবার জমিতেই মাড়াই করছেন। ধান ঘরে তোলাকে কেন্দ্র করে কৃষক পরিবারগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে পুরোদমে ধান কাটার মৌসুম শুরু হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
স্থানীয় কৃষকেরা জানান, আগাম ব্রি-১০৩ এবং বিনা-১৭ জাতের আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। ইতিমধ্যে কিছু জমির ধান কাটা শেষ হয়েছে। তবে সার, কীটনাশক ও ডিজেলের দাম বৃদ্ধি এবং শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ধান কাটার পর একই জমিতে আলু, শীতকালীন শাকসবজি ও ডাল জাতীয় ফসল আবাদের প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
জেলার মধ্যে গোদাগাড়ী উপজেলায় সবচেয়ে বেশি ২৩ হাজার ৭৬২ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তানোরে ২২ হাজার ৭১, পবায় ৯ হাজার ১৪০, দুর্গাপুরে ৫ হাজার ৬৪৫, চারঘাটে ৫ হাজার ৪৫০, মোহনপুরে ৪ হাজার ১০০, বাগমারায় ৩ হাজার ৭২৫ এবং বাঘা উপজেলায় ২ হাজার ৩৫২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে।
পবা উপজেলার পাইকপাড়া এলাকার কৃষক শহিদুল ইসলাম জানান. লিজ বা বর্গা নিয়ে তিন বিঘা জমিতে ব্রি-৫১ জাতের ধান চাষ করেছেন। আগামী সপ্তাহে তার জমিতে ধান কাটা শুরু হবে। তিনি বলেন, গত বছরের তুলনায় সার, কীটনাশক ও ডিজেলের দাম বেড়েছে। একই সঙ্গে শ্রমিকের মজুরিও বেশি দিতে হচ্ছে। বাজারে ধানের ভালো দাম পেলে খরচ বাদ দিয়ে কিছুটা লাভের আশা করছেন তিনি। তিনি আরও বলেন, এবার ফলন ভালো হলেও বাজারে ধানের দাম আশানুরূপ নয়। বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই দামে কৃষকের পোষায় না। অন্তত ১ হাজার ৪০০ টাকা মণ দরে ধান বিক্রি করতে পারলে কৃষকেরা কিছুটা লাভবান হতেন। কিন্তু কৃষকের স্বার্থ নিয়ে কেউ ভাবেন না।
পবা উপজেলার বাগসারা বিলের কৃষক মুনজুর রহমান এবার ১০ বিঘা জমিতে বিনা-১৭ জাতের আমন ধান চাষ করেছেন। তার প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে ১৭ হাজার টাকা। ফলন পেয়েছেন গড়ে ১৮ মণ। সম্প্রতি ২০ মণ ধান প্রতি মণ ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন। অবশিষ্ট ধান তিনি দাম বাড়ার অপেক্ষায় রেখেছেন। খড় বিক্রিসহ সব খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা লাভ হয়েছে বলে জানান তিনি। ধান কেটে আলু চাষের জন্য জমি প্রস্তুত করছেন এই কৃষক।
পবা উপজেলার আরেক কৃষক ইউসুফ আলী লিজ বা বর্গা নিয়ে ৫ বিঘা জমিতে ব্রি-১০ জাতের ধান চাষ করেছেন। এর মধ্যে দুই বিঘার ধান কাটা শেষ হয়েছে। বিঘাপ্রতি ফলন পেয়েছেন ১৮ মণ। তিনি বলেন, ফলন ভালো হয়েছে এবং সময়মতো ধান ঘরে তুলতে পারছেন, এতে তিনি সন্তুষ্ট। তবে ধানের ন্যায্য দাম না পেলে ভালো ফলনেও বর্গা কৃষকেরা প্রকৃত অর্থে লাভবান হবেন না।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের প্রকোপ কম থাকায় এবার ফলন ভালো হয়েছে। ভালো দাম পেলে আমন চাষিরা লাভবান হবেন। তিনি আরও বলেন, আগাম জাতের আমন ধান ঘরে তোলার পর কৃষকেরা একই জমিতে আলু, সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। এতে একই জমিতে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হবে এবং কৃষকের আয় বাড়বে। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার ন্যায্য মূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কৃষকেরা যাতে বাজারেও ন্যায্য দাম পান, সে বিষয়টি কৃষি বিভাগ মনিটরিং করবে।
কৃ/স/জয়