প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 16, 2026 ইং
৫ বিঘার মালটা বাগানে ৩৭ লাখ টাকা বিক্রির সম্ভাবনা

খুলনা সংবাদদাতাঃ
মাল্টা চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন বেলাল হোসেন নামে এক কৃষি উদ্যোক্তা। নানির দেয়া ২৭শ’টাকা নিয়ে নার্সারি ব্যবসায় নেমে এ উদ্যোক্তা ২৬ বছরে নিয়ের আয়ের টাকায় ২ বিঘা জমিতে গড়ে তুলেছেন বিশাল মিশ্র ফলের বাগান। পাশাপাশি ৫ বিঘা জমিতে তিনি ম্যান্ডারিন জাতের মালটা চাষাবাদ করে বেশ সফলতা পেয়েছেন। এখান থেকে এবার তিনি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রির আশা করছেন। সফল এ উদ্যোক্তা খুলনার পাইকগাছা উপজেলার মালথ গ্রামের বাসিন্দা।
জানা যায়,প্রায় ২৬ বছর আগে এ উদ্যোক্তা তার নানির দেয়া ২৭শ’টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন। সেই থেকে শুরু। নিজের শ্রম আর মেধা দিয়ে তিনি এ ব্যবসায় বেশ সফলতা অর্জন করেন। লাভের টাকা জমিয়ে ধীরে ধীরে তিনি নার্সারির পাশাপাশি নানা রকমরে ফল চাষাবাদ শুরু করেন। এতে তিনি বেশ লাভ করেন। এখন তিনি খুলনার পাইকগাছায় ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে চাষ করছেন চায়না ম্যান্ডারিন জাতের মালটা।
কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে বেলালের বাগানে ঢ়ুকতেই চোখে পড়ে সারি সারি মালটাগাছ। সবুজ পাতার ফাঁকে ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকার ও আকর্ষণীয় রং সহজেই নজর কাড়ে দর্শনার্থীদের। উপকূলীয় পরিবেশে গড়ে ওঠা এই বাগান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসছেন। চলতি মৌসুমে বাগানের ৫০০টি গাছ থেকে প্রায় ১৫ হাজার কেজি মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। এখান থেকে ৩৭ লাখ ৫০ টাকা বিক্রির আশা করছেন।
শুধু ফল উৎপাদনই নয়। এর পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রি করেও আয় করছেন তিনি। বিভিন্ন জাতের ফলের গাছ লাগিয়ে সেগুলোর উপযোগিতা যাচাই করেন বেলাল। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলমের মাধ্যমে চারা তৈরি করে বাজারজাত করেন। তার দেওয়া হিসাব অনুযায়ী, নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। এ কার্যক্রমে সারা বছর প্রায় ১২ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।
উদ্যোক্তা বেলাল হোসেনের জানান, পাঁচ বছর আগে জমি ইজারা নিয়ে তিনি এ চাষাবাদ শুরু করেন। সব মিলিয়ে এ চাষাবাদে তার ব্যায় হয়েছে প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা। সেই বাগান থেকে এবার তিনি ৩৭ লাখ ৫০ হাজার টাকার মাল্টা বিক্রির আশা করছেন। যা অন্য কোন চাষাবাদ থেকে আয় করা সম্ভব নয়। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বেলাল জানান, মালটা চাষের পরিধি আরও বাড়াতে চান তিনি। সুযোগ পেলে নতুন করে আরও পাঁচ বিঘা জমিতে মালটার বাগান গড়ে তুলবেন।
পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেছেন, বেলালের মাল্টার বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্য কৃষকেরাও ফলের বাগান করতে আগ্রহী হতে পারেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়