প্রিন্ট এর তারিখঃ Nov 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
কাঁচামরিচের দর পতনে দিশেহারা চাষী

জামালপুর সংবাদদাতাঃ
জামালপুরের মাদারগঞ্জে কাঁচা মরিচের দও পতনে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। এখানে বর্তমানে পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকায়। এমন দরপতনে চাষীদের উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। এতে মরিচ চাষাবাদে চাষীরা লোকশানের আশঙ্কা করছেন।
জানা গেছে, চলতি মৌসুমে মাদারগঞ্জে ৭৫০ হেক্টর জমিতে মরিচ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ইতিমধ্যে ১ হাজার ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৩০০ হেক্টর বেশি জমিতে মরিচ চাষ হয়েছে। এর মধ্যে আগাম মরিচের আবাদ হয়েছে ৩০০ হেক্টরে। এ ছাড়া ২৫ হেক্টর জমিতে পলিমালচিং পদ্ধতিব্যবহার করেছেন কৃষকেরা।
উপজেলার মাঠে মাঠে মরিচের ভাল ফলন হয়েছে। চাষীরা জমি থেকে মরিচ তুলে প্রতিদিন বাজারে বিক্রি করছেন। ভাল ফলন হওয়ায় চাষীরা আশা করেছিলেন তারা লাভবান হবেন। কিন্তু বাজারদর কমে যাওয়ায় তাদের মাঝে হতাশা দেখা দিয়েছে। অনেক চাষী বলছেন এমন দাম থাকলে তাদের উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়বে।
উপজেলার চর শুভগাছা গ্রামের কৃষক শিপন জানান, সার, কীটনাশক ও সেচের খরচ বেড়ে যাওয়ায় এবার প্রতি বিঘায় মরিচ চাষে তাঁর ব্যয় হয়েছে ৪৫ থেকে ৫০ হাজার টাকা। কিন্তু বর্তমান বাজারদরে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলাও সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন তিনি।
জোড়খালী ইউনিয়নের কৃষক আব্দুল খালেক তিন বিঘা জমিতে পলিমালচিং পদ্ধতিতে উচ্চফলনশীল ময়নামতি জাতের মরিচ চাষ করেছেন। তিনি জানান, গত বছরের তুলনায় এবার জমি চাষ, সেচ, বীজ, সার-কীটনাশক, পরিবহন ও শ্রমিকের মজুরিসহ প্রায় সব খাতেই খরচ বেড়েছে। সার সংগ্রহেও বাড়তি ভোগান্তি পোহাতে হয়েছে। এমন পরিস্থিতিতে ন্যায্যমূল্য না পেলে বড় ধরনের লোকসানে পড়তে হবে তাঁকে।
উপজেলার চর শুভগাছা গ্রামের কৃষক রাসেল খান বলেন, ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করেছেন তারা। মৌসুমের শুরুতে ভালো দাম পেলেও এখন পাইকারি বাজারে দাম পাওয়া যাচ্ছে না। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার সবচেয়ে বড় কাঁচামরিচের হাট গাবের গ্রাম বাজারে প্রতি কেজি মরিচ ১৫ টাকা, অর্থাৎ মণপ্রতি ৬০০ টাকায় বিক্রি হয়েছে। এ দামে মরিচ বিক্রি করে কৃষকদের লোকসান গুনতে হবে বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে মরিচের আবাদ হওয়ায় উপজেলায় উৎপাদন ৪২ হাজার মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে। স্থানীয় চাহিদা মিটিয়ে মাদারগঞ্জের মরিচ ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। মরিচ চাষে কৃষকদের উৎসাহিত করতে দুই শতাধিক কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে। পাশাপাশি পলিমালচিং পদ্ধতিতে আবাদ বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়