প্রিন্ট এর তারিখঃ Nov 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 14, 2026 ইং
দাম না থাকায় হিমাগারে পড়ে আছে বিপুল পরিমাণ আলু

কিশোরগঞ্জ সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের হিমাগারগুলোতে এখনো বিপুল পরিমাণ মজুদকৃত আলু পড়ে আছে। চাষী এবং ব্যবসায়ীরা এসব আলু সংরক্ষণ করেছেন। কিন্তু বাজারে আলুর ব্যাপক দরপতনের কারনে এসব আলু তারা বের করছেন না। এমন অবস্থায় বিপাকে পড়েছেন হিমাগার মালিকরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জেলার পাকুন্দিয়ায় প্রতিবছর গড়ে ১ হাজার ৩০০ হেক্টর জমিতে আলুর আবাদ হয়। গত অর্থবছরে তা বেড়ে প্রায় ১ হাজার ৪৫০ হেক্টরে দাঁড়ায়। অনুকূল আবহাওয়ায় প্রতি হেক্টরে প্রায় ৩০ টন ফলন হওয়ায় উপজেলায় বাম্পার উৎপাদন হয়। একই সময়ে দেশের জেলার অন্যান্য এলাকাতেও উৎপাদন বাড়ায় বাজারে সরবরাহ বেড়ে যায়। কিন্তু চাহিদা না বাড়ায় দাম কমে যায়।
এমন অবস্থায় চাষী এবং ব্যবসায়ীরা হিমাগারে বিপুল পরিমাণ আলু সংরক্ষণ করেন। কিন্তু তাতে কোন ফল হযনি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও আলু দাম আর বাড়েনি।
সরেজমিনে পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগার ও এগারসিন্দুর কোল্ড স্টোরেজে গিয়ে দেখা যায়, হিমাগারের বিভিন্ন কক্ষে সারি সারি করে সাজানো রয়েছে আলুভর্তি বস্তা। কোথাও শ্রমিকেরা বস্তা খুলে আলু বের করছেন, কোথাও চলছে বাছাই ও পরিচর্যার কাজ। তবে সামগ্রিকভাবে আলু খালাসের তৎপরতা বেশ কম। বাজারে দাম কম থাকায় অনেক কৃষক ও ব্যবসায়ী আলু বের করতে চাইছেন না। তাদের আশঙ্কা, আলু বের করার পর পরিবহন ও অন্যান্য খরচ যুক্ত হলে লোকসানের পরিমাণ আরও বেড়ে যাবে।
চাষী এবং ব্যবসায়ীরা বলছেন,উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ মিলিয়ে প্রতি কেজি আলুতে খরচ ২৩ থেকে ২৪ টাকা। অথচ বর্তমানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকায়। এতে কেজিপ্রতি ১১ থেকে ১৪ টাকা পর্যন্ত লোকসান গুনছেন কৃষক ও ব্যবসায়ীরা। ফলে হিমাগার থেকে আলু খালাসে আগ্রহ হারাচ্ছেন অনেকে।
পাকুন্দিয়ার সুখিয়া গ্রামের কৃষক রিপন মিয়া বলেন, ভালো দাম পাওয়ার আশায় আলু হিমাগারে রেখেছিলেন। কিন্তু এখন ক্রেতা পাওয়া যাচ্ছে না। উৎপাদন খরচ তো দূরের কথা, সংরক্ষণের খরচ তুলতেও হিমশিম খেতে হচ্ছে।
হোসেনপুরের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন তিনি এগারসিন্দুর কোল্ড স্টোরেজে ২ হাজার ২০০ বস্তা আলু রেখেছেন। কেনা, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি কেজিতে খরচ পড়েছে ২৩ থেকে ২৪ টাকা। শুরুতে ১৬ থেকে ১৭ টাকা দরে বিক্রির আশা থাকলেও এখন দাম নেমেছে ১০ থেকে ১১ টাকায়। এতে কেজিপ্রতি ১১ থেকে ১২ টাকা লোকসান হচ্ছে।
আলুর এমন দরপতনে চাষী এবং ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। একদিকে তাদের উৎপাদন করতে বেশি ব্যায় হয়েছে। অন্যদিকে লাভের আশায় হিমাগারে রেখে তারা আরো বেশি লোকশানের মুখে পড়েছেন।
পাকুন্দিয়ার পূর্বাচল হিমাগারে চলতি মৌসুমে ৫ হাজার ৫০০ মেট্রিক টন আলু সংরক্ষণ করা হয়েছিল। এর মধ্যে ৪ হাজার মেট্রিক টন খালাস হয়েছে। অবশিষ্ট আলুর বেশির ভাগই বীজ আলু বলে জানান ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
এগারসিন্দুর কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, গত ৭ নভেম্বর পর্যন্ত তাদের হিমাগার থেকে ৮৩ হাজার ৫০০ বস্তা আলু খালাস হয়েছে। এখনো অবশিষ্ট রয়েছে ৫৫ হাজার ৬১৪ বস্তা। নির্ধারিত সময়সীমা ১৫ নভেম্বর। এই সময়ের মধ্যে সব আলু খালাস করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। প্রয়োজনে কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে আরও ১৫ দিন সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে।
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরে ই আলম বলেন, গত বছর স্বাভাবিকের তুলনায় প্রায় ১৫০ হেক্টর বেশি জমিতে আলুর আবাদ হয়েছিল। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় উৎপাদন বেড়ে যাওয়ায় সরবরাহের তুলনায় চাহিদা কমেছে। এ কারণে দীর্ঘদিন ধরে আলুর দাম নিম্নমুখী রয়েছে এবং কৃষকেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়