প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
যমুনার চরে শসা চাষে বাজিমাত

পাবনা সংবাদদাতাঃ
পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের পতিত জমিতে শসা চাষাবাদ করে বাজিমাত করেছেন চাষীরা। আবহাওয়া বাল থকায় এখানে শসার বাম্পার ফলন হয়েছে। প্রতিদিন চরাঞ্চল থেকে ৪শ’থেকে ৫শ’মন শসা তুলে বিক্রি করছেন চাষীরা। বাজারে আগাম শসা বিক্রি করে ভাল রাভবান হচ্ছেন চাষীরা।
জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ে পেচাকোলা ও চক নয়ানপুর মৌজায় প্রায় ৩শ’৫০ বিঘা জমিতে শসার আবাদ হয়েছে। আগে এসব জমি বনজঙ্গলে ঘেরা পতিত ছিল। কৃষি বিভাগের পরার্মশে চাষীরা এখানে আগাম শসা চাষাবাদ করেন। চরের উর্বর মাটিতে শসার ভাল ফলন হয়েছে। ইতোমধ্যে আগাম শসা তুলে বাজারে বিক্রি করছেন। ৭শ’থেকে ৮শ’টাকা মণ দরে বিক্রি হচ্ছে এখানকার শসা। বাজারে ভাল দাম পেয়ে চাষীরা লাভবান হয়েছেন। চরাঞ্চলের প্রায় ২ শতাধিক নারী পুরুষ এ চাষাবাদের মাধ্যমে কর্মসংস্থান পেয়েছেন।
চরাঞ্চলের কৃষক আলীম ফকির জানান, বীজ বপনের ৪০ দিনের মধ্যেই গাছে শসা ধরতে শুরু করে। খেতের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগ এবং শসা সংগ্রহের কাজে প্রতিদিন প্রায় ২০০ নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। নারী শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা। পুরুষ শ্রমিকরা পান ৬০০ টাকা।
শসা চাষের খরচ ও লাভের বিষয়ে কৃষক জুলু প্রাং জানান, প্রতি বিঘা জমি লিজ নিতে গড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। এ ছাড়া বনজঙ্গল পরিষ্কার, বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি, থাকা-খাওয়া ও অন্যান্য খরচ মিলিয়ে প্রতি বিঘায় ব্যয় হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা। তিনি আশা করছেন, প্রতি বিঘা জমির শসা বিক্রি করে দেড় লাখ টাকা পর্যন্ত আয় হবে। তবে খরচ বাদে প্রকৃত লাভ নির্ভর করবে উৎপাদন ও বাজারদরের ওপর।
কৃষক হাজী আবুসামা জানান, প্রতিদিন খেত থেকে কমপক্ষে ৪০০ মণ শসা সংগ্রহ করা হচ্ছে। নিজস্ব নৌকায় এসব শসা নাকালিয়া ও পেচাকোলা নদীর ঘাটে নেওয়া হয়। পরে ট্রাক ও ট্রলিতে করে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরের চাকসা ও চরপাড়া আড়তে পাঠানো হয়। সেখানে পাইকারি দরে শসা বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতি মণ শসার দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ব্যবসায়ীরা এসব শসা কিনে দেশের বিভিন্ন জেলা শহরে নিয়ে যাচ্ছেন।
বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর বলেন, অন্য উপজেলা থেকে কৃষকরা এসে বেড়ার চরাঞ্চলে শসা চাষের প্রকল্প করেছেন, এমন তথ্য তার জানা ছিল না। এ প্রতিবেদকের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। তবে চরাঞ্চলের উর্বর মাটি শসা চাষের উপযোগী। প্রকল্পের কৃষকরা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়