প্রিন্ট এর তারিখঃ Nov 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 13, 2026 ইং
প্রতিদিন অর্ধকোটি টাকার জলপাই বিক্রি

পঞ্চগড় সংবাদদাতাঃ
এক দুই টাকা নয়। প্রতিদিন হাটে বিক্রি হচ্ছে প্রায় অর্ধকোটি টাকার জলপাই। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ‘দেবদারুতলা’ গড়ে উঠেছে এই হাট। যেখানে প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হচ্ছে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে সারা দেশে।
দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক পরিমাণ জলপাই আবাদ হয়। কম বেশি প্রায় সব এলাকাতেই জলপাই গাছ আছে। কৃষকরে আড়ির আঙিনা থেকে পতিত জমিতে জলপাই চাষাবাদ হচ্ছে। চাষীরা প্রতি বছর জলপাই বিক্রি করে লাভ করায় দ্রুত বাড়ছে এ চাষাবাদের পরিধি। তেমন কোন খরচ না থাকায় জলপাই বিক্রি করে বছর শেষে চাষীদের হাতে বেশ টাকা আসে। যা তাদের সংসার খরচ এবং চাষাবাদের যোগান দেয়। একসময় গ্রামের বাড়ির আঙিনায় অবহেলায় পড়ে থাকা এই টক-মিষ্টি ফলটিই এখন বদলে দিচ্ছে এ উপজেলার অর্থনীতি।
এ উপজেলায় বিপুল পরিমাণ জলপাই উৎপাদন হওয়ায় উপজেলার ‘দেবদারুতলা’য় গড়ে উঠেছে জলপাই বাণিজ্যের এক বিশাল কেন্দ্র। প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে চাষীরা ভ্যান, ইজিবাইক আর নছিমনে করে আসতে থাকে জলপাইয়ের বস্তা। কেবল পঞ্চগড় নয়, পার্শ্ববর্তী ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী থেকেও কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের সংগৃহীত ফল নিয়ে ছোটেন এই হাটে। হাটজুড়ে দেখা যায় জলপাইয়ের ছোট-বড় স্তূপ। কোথাও চলছে ওজন মাপার কাজ, কোথাও আকারের ভিত্তিতে চলছে বাছাই। পুরুষদের পাশাপাশি এই কর্মযজ্ঞে সরব উপস্থিতি রয়েছে স্থানীয় নারী শ্রমিকদেরও। প্রতিদিন এখানে ১৪০ থেকে ২০০ টন জলপাই কেনাবেচা হচ্ছে, যার আর্থিক মূল্য প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকা। মৌসুমের ভরা সময়ে এই লেনদেন ছাড়িয়ে যায় কোটি টাকার ঘর।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে জলপাই কিনে নিয়ে যাচ্ছেন সারা দেশে। ফলে চাষীরা এখানে ভাল দামে জলপাই বিক্রি করতে পারছেন।
দেবীগঞ্জ সদরের কৃষক আবুল হোসেন ও সাহেব আলী জানান, প্রথমবারের মতো গাছ থেকে জলপাই পেড়ে এই হাটে এনেছেন। ১৬ টাকা কেজি দরে বিক্রি করে তারা বেশ খুশি।
ক্ষুদ্র ব্যবসায়ী মতিউর রহমান বলেন, আমরা তিনজন মিলে গত ৮ বছর ধরে গ্রাম থেকে জলপাই সংগ্রহ করে এখানে বিক্রি করি। দিনশেষে ১০০০ থেকে ১২০০ টাকা লাভ থাকে, যা দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবে চলছে।
দেবীগঞ্জের এই জলপাই কেবল উত্তরবঙ্গেই সীমাবদ্ধ নয়। এখান থেকে বড় বড় কোম্পানি জলপাই কেনে। এছাড়া ট্রাকবোঝাই হয়ে এই ফল পৌঁছে যায় ঢাকা, বরিশাল, যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়। এমনকি দেবীগঞ্জের এই জলপাইয়ের চাহিদা রয়েছে দেশের বাইরেও।
এই হাটকে কেন্দ্র করে কয়েকশ মানুষের স্থায়ী ও অস্থায়ী কর্মসংস্থান হয়েছে। কেউ নিজের গাছের ফল বিক্রি করে বাড়তি আয় করছেন, আবার কেউ গ্রাম থেকে সংগ্রহ করে এখানে বিক্রি করে চালাচ্ছেন সংসার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ জানান, অক্টোবর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে জমজমাট কেনাবেচা চলে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এটি এখন দেশের প্রধান জলপাই হাবে পরিণত হয়েছে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়