
কৃষি সময় প্রতিবেদকঃ
জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়; বিশ্বের কৃষক, শ্রমজীবী মানুষ, উপকূলীয় জনগোষ্ঠী ও বাস্তুচ্যুত পরিবারের প্রতিদিনের বাস্তবতা। কোথাও খরা ও পানির সংকটে কৃষিজমি অনাবাদি হচ্ছে, কোথাও বন্যা ও লবণাক্ততায় ফসল নষ্ট হচ্ছে। বাড়ছে কৃষি উপকরণের দাম, উৎপাদন ব্যয় ও খাদ্যনিরাপত্তার অনিশ্চয়তা। অথচ জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে কম দায়ী দেশ ও জনগোষ্ঠীকেই এর ক্ষতির বড় বোঝা বহন করতে হচ্ছে। এমন বাস্তবতায় তুরস্কের আনতালিয়ায় শুরু হয়েছে জাতিসঙ্ঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১)। কিন্তু সম্মেলনের শুরুতেই অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব পৃথক আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ফলে নতুন প্রতিশ্রুতির চেয়ে পুরনো অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে অর্থায়ন পৌঁছানোর প্রশ্নই বড় হয়ে উঠেছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জলবায়ু অর্থায়ন, অভিযোজন, জ্বালানি রূপান্তর এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলা এবারের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। তবে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাবটি আলাদা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা নিয়ে ঐকমত্য না হওয়ায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সম্মেলনের অন্যান্য আলোচনায় বিষয়টি উত্থাপনের সুযোগ থাকলেও শুরুতেই এমন মতবিরোধ অর্থায়নের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছে।
কৃষকের উৎপাদন ব্যয় বাড়ছে, অর্থায়ন পৌঁছাচ্ছে না মাঠে:
কপ৩১ সামনে রেখে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ক্ষুদ্র কৃষকেরা বৈশ্বিক খাদ্যের প্রায় এক-তৃতীয়াংশ উৎপাদন করলেও জলবায়ু অর্থায়নের ১ শতাংশেরও কম পান। অথচ খরা, বন্যা, তাপপ্রবাহ এবং জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধির সম্মিলিত চাপ সবচেয়ে বেশি সামলাতে হচ্ছে তাদের।
গত ৯ নভেম্বর আইএফএডি ও তুরস্কের কৃষি ও বন মন্ত্রণালয়ের প্রকাশিত ‘ফুড সিস্টেমস আন্ডার স্ট্রেস : বিল্ডিং রেজিলিয়েন্স ফ্রম দ্য ফার্স্ট মাইল’ শীর্ষক গবেষণায় সতর্ক করা হয়েছে, শক্তিশালী এল নিনো আগামী পাঁচ থেকে ছয় বছরে বৈশ্বিক অর্থনীতিতে ১১ ট্রিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি করতে পারে। জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি এক মৌসুমের মধ্যেই কৃষি উৎপাদন থেকে পরিবহন ও বাজারব্যবস্থায় প্রভাব ফেলছে।
প্রতিবেদনে বাংলাদেশের একটি ইতিবাচক উদাহরণও তুলে ধরা হয়েছে। সৌরবিদ্যুৎচালিত সেচ, ভার্মিকম্পোস্ট উৎপাদনের প্রশিক্ষণ, ঋণ সুবিধা এবং খাদ্যনিরাপত্তা সনদের সমন্বিত উদ্যোগে সংশ্লিষ্ট কৃষক পরিবারের আয় ৫০ শতাংশ বেড়েছে। অর্থাৎ প্রযুক্তি, অর্থায়ন ও বাজার সুবিধা একসঙ্গে পৌঁছাতে পারলে জলবায়ু ঝুঁকি মোকাবিলার পাশাপাশি কৃষকের আয়ও বাড়ানো সম্ভব।
জলবায়ু অর্থায়নে নারী কৃষক কেন পিছিয়ে?
কৃষি ও খাদ্যব্যবস্থায় নারীর গুরুত্বপূর্ণ অবদান থাকলেও জলবায়ু অর্থায়নে তারা পিছিয়ে। আইএফএডির ‘দ্য আনফান্ডেড হাফ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের কৃষিশ্রমিকদের প্রায় ৪০ শতাংশ নারী। কিন্তু কৃষি-খাদ্যব্যবস্থায় আন্তর্জাতিক সরকারি জলবায়ু অর্থায়নের মাত্র ৩ শতাংশের মূল লক্ষ্য নারী ও তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন। এ খাতে বছরে বরাদ্দ হয় প্রায় ৮৫ কোটি ৫০ লাখ ডলার।
কৃষিশ্রমে নারীরা পুরুষের তুলনায় প্রতি ডলারে ৮২ সেন্ট আয় করেন। জমির মালিকানা, ঋণ, কৃষি উপকরণ ও প্রযুক্তিতে প্রবেশাধিকারের সীমাবদ্ধতা তাদের জলবায়ু ঝুঁকি মোকাবিলার সক্ষমতা কমিয়ে দেয়। বাংলাদেশের কৃষিতেও বীজ সংরক্ষণ, চারা উৎপাদন, ফসল সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও গবাদিপশু পালনে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু জমির মালিকানা না থাকায় অনেক নারী কৃষক প্রাতিষ্ঠানিক ঋণ, কৃষিবিমা ও সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।
৯ কোটি বাস্তুচ্যুত মানুষ জলবায়ু ঝুঁকিতে:
জলবায়ু সংকটের আরেকটি ভয়াবহ দিক বাস্তুচ্যুতি। গত ৬ নভেম্বর প্রকাশিত জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রায় ৯ কোটি জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষ এমন দেশে বসবাস করছেন, যেখানে জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি উচ্চ থেকে চরম। গত এক দশকে আবহাওয়াজনিত দুর্যোগে বিশ্বে ২৫ কোটি ৫০ লাখের বেশি অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। অথচ ভঙ্গুর ও সংঘাতপ্রবণ দেশগুলো বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র প্রায় ১০ শতাংশ পায়।
বাংলাদেশেও নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বন্যার কারণে মানুষ বসতভিটা ও জীবিকা হারাচ্ছেন। এসব মানুষের জন্য শুধু আশ্রয় নয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
অর্থায়ন ও জ্বালানি রূপান্তর নিয়ে উদ্বেগ:
জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে কার্যকর পদক্ষেপের বিষয়গুলো সম্মেলনের মূল কার্যসূচিতে অন্তর্ভুক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও নদী রক্ষা আন্দোলনের নেতা শরীফ জামিল। তিনি বলেন, বাংলাদেশের মতো জলবায়ু বিপন্ন দেশগুলোর জন্য অভিযোজন অর্থায়নসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মূল আলোচ্যসূচিতে যাতে না থাকে, উন্নত দেশগুলো সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে হতাশা নিয়েই শুরু হয়েছে কপ৩১।
তিনি বলেন, কপ প্রেসিডেন্সি ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশ জ্বালানি চাহিদা বিদ্যুতায়নের যে লক্ষ্য সামনে এনেছে, তা অপর্যাপ্ত ও ধীরগতির। এটি জীবাশ্ম জ্বালানি থেকে পৃথিবীর বেরিয়ে আসার গতি ও সম্ভাবনাকে ব্যাহত করতে পারে। বিগত কপগুলোর সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় তুরস্কের সম্মেলনে জোর দেওয়ার কথা থাকলেও সময়ের সঙ্গে বাস্তবতা ও প্রয়োজনীয়তা পরিবর্তিত হয়েছে। তাই প্রত্যাশার চেয়ে প্রস্তুতি ও ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ।
জ্বালানি রূপান্তর নিয়ে তরুণ জলবায়ু কর্মী ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের অনুপস্থিতির মধ্য দিয়ে কপ৩১ শুরু হওয়ায় জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার রাজনৈতিক অঙ্গীকার নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে তাঁদের অনুপস্থিতির অর্থ এই নয় যে দেশগুলো জলবায়ু আলোচনায় অংশ নিচ্ছে না। তা সত্ত্বেও গুরুত্বপূর্ণ নেতাদের অনুপস্থিতি নেতিবাচক বার্তা দিচ্ছে।
বাংলাদেশের অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, বৈশ্বিক নিঃসরণে বাংলাদেশের অবদান সামান্য হলেও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন ও সুপেয় পানির সংকটে দেশটি ব্যাপক ক্ষতির মুখে। অভিযোজনের জন্য অর্থায়নের পাশাপাশি যেসব ক্ষতি আর প্রতিরোধ বা অভিযোজনের মাধ্যমে সামাল দেওয়া সম্ভব নয়, সেগুলোর জন্য আলাদা সহায়তা প্রয়োজন। যে সংকট তৈরিতে বাংলাদেশের অবদান সামান্য, তার পুরো ব্যয় এ দেশকে বহন করতে হতে পারে না।
সোহানুর রহমান বলেন, উপকূলের একটি পরিবারকে নিরাপদ পানি সংগ্রহের জন্য দূরে যেতে হলে বাড়ির কাছে পানির ব্যবস্থা করাই তাদের জন্য অভিযোজন। এ ধরনের উদ্যোগে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী যাতে সহজে ও সরাসরি অনুদান পায়, কপ৩১-এর আলোচনায় তা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজের পরিচালক, লেখক ও গবেষক পাভেল পার্থ মনে করেন, জলবায়ু সম্মেলনে বছর বছর অঙ্গীকার ও কালক্ষেপণ আর মেনে নেওয়া যায় না। তিনি বলেন, প্যারিস চুক্তিসহ বিগত জলবায়ু প্রতিশ্রুতিগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সব রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক প্রটোকল তৈরি করা উচিত। যুদ্ধ, সামরিক দূষণ, করপোরেট ভোগ ও নিওলিবারেল ব্যবস্থাকে টিকিয়ে রেখে জলবায়ু প্রতিশ্রুতি অর্জন সম্ভব নয়। এসবকে ‘গ্রিন ওয়াশ’ উল্লেখ করে তিনি বলেন, ক্ষুদ্র কৃষক, জেলে, আদিবাসী, বনজীবী ও গ্রামীণ জনগোষ্ঠীর লোকায়ত চর্চা এবং অভিযোজন অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে। ক্ষয়ক্ষতি ও অভিযোজন তহবিল অর্জনে বাংলাদেশ নেতৃত্ব দেবে বলে তিনি প্রত্যাশা করেন।
বাংলাদেশের প্রয়োজন বছরে ২৬ বিলিয়ন ডলারের বেশি
জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২০২৬ সালের ৪ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলাসহ বাংলাদেশের বার্ষিক জলবায়ু অর্থায়নের প্রয়োজন ২৬ বিলিয়ন ডলারের বেশি। এ চাহিদা পূরণে দেশের প্রথম জাতীয় জলবায়ু অর্থায়ন কৌশল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে অর্থের পরিমাণ বাড়ানোই যথেষ্ট নয়। অর্থ ঋণ না অনুদান হিসেবে আসছে, কোন খাতে ব্যয় হচ্ছে এবং প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ কতটা সুবিধা পাচ্ছেন, তা নিশ্চিত করা জরুরি। জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতির অর্থায়নে কৃষক, জেলে, নারী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং উপকূলীয় জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের প্রত্যাশা তাই শুধু অর্থায়নের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়; প্রয়োজন ন্যায্য হিস্যা, সহজ শর্তে অর্থপ্রাপ্তি, অনুদানভিত্তিক সহায়তা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বাস্তবায়ন। কারণ জলবায়ু সংকটের ক্ষতি কোনো সম্মেলনকক্ষে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পড়ে কৃষকের জমিতে, জেলের জালে, উপকূলের ঘরে এবং খাদ্যের বাজারে। কপ৩১-এর সাফল্যও শেষ পর্যন্ত নির্ধারিত হবে কতটি ঘোষণা দেওয়া হলো, তা দিয়ে নয়; বরং কতজন কৃষক উৎপাদন ধরে রাখতে পারলেন, কত নারী কৃষক অর্থায়ন পেলেন এবং কতটি পরিবার জলবায়ু বিপর্যয়ের ক্ষতি থেকে সুরক্ষা পেলÑতার ওপর।