প্রিন্ট এর তারিখঃ Nov 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2026 ইং
যমুনা চরের বাদাম চাষে স্বপ্ন দেখেছে চাষীরা

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের যমুনার বিশাল চরাঞ্চলজুড়ে চাষাবাদ হচ্ছে বাদাম। কৃষকরা আশা করছেন প্রতি বছরের ন্যায় এবারও এ চাষাবাদে তারা লাভবান হবেন।
সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াখোলার চর, চৌহালী উপজেলার খাসকাউলিয়া, ঘোড়জান, হাটঘোরজান, ধীতপুর চরসহ বেলকুচি উপজেলার বেলকুচি চর, চরবেল, ক্ষুদ্রচাপড়ী, আজগড়া ও রতনকান্দীর বিভিন্ন চরে কৃষকরা এখন বাদাম চাষে ব্যস্ত সময় পার করছেন। প্রতি বছর এসব এলাকায় চরের উর্বর মাটিতে বাদামের বাম্পার ফলনে চাষীরা লাভবান হন। এবারও তারা লাভের আশায় বাদাম চাষ করছেন।
জানা যায়, জেলায় চলতি বছর ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই বীজ বোনা শুরু হয়েছে এবং এ পর্যন্ত ৭৫০ হেক্টর জমিতে বীজ বপন শেষ হয়েছে। যমুনা চরের কাজিপুর, চৌহালী, শাহজাদপুর, বেলকুচি ও সদর উপজেলায় বাদাম চাষ হয়ে থাকে। এর মধ্যে চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি বাদাম চাষ হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলার বেলুটিয়া চরের বাদামচাষি বিশা শেখ ও কৃষক আব্দুর রহমান জানান, এ বছর তেমন বন্যা হয়নি। বন্যার পানি নেমে যাওয়ার সাথেই তাঁরা বাদাম চাষ শুরু করেছেন। অনেকের জমিতে বাদামের চারা গজিয়ে উঠেছে এবং চারাগুলো খুবই ভালো হয়েছে।
চৌহালী উপজেলার বাঘুটিয়া চরের কৃষক আলীম জানান, গতবারের চেয়ে এবার বাদাম চাষে বেশি লাভবান হবেন বলে তিনি আশা করছেন।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, এ বছর পুরো জেলায় ৫ হাজার ৯০০ হেক্টর জমিতে বাদাম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যমুনা চরের কৃষকরা প্রতিবছরের মতো এবারও বাদাম চাষ শুরু করেছেন এবং কৃষি কর্মকর্তারা তাঁদের নানা পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় বাদামের বাম্পার ফলন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়