প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
দুম্বা পালনে রাকিবের ভাগ্য বদল

কুষ্টিয়া সংবাদদাতাঃ
দুম্বা পালনে সফলতা পেয়েছেন রাকিব নামে এক শারিরিক প্রতিবন্ধি। মাত্র দুটি দুম্বা পালন করে তিনি এর খামার গড়ে তুলেছেন। এখন তার খামারে ১৫টি দুম্বা রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুম্বা বিক্রি করে ভাল টাকা আয় করেছেন। রাকিব কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেব নগর গ্রামের বাসিন্দা।
জানা যায়,রাকিব এক সময় মহিষের খামার করেছিলেন। যা বেশ সাফল্য পেয়েছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে শারিরিক প্রতিবন্ধি হয়ে যান। এরপর তার খামারটি বন্ধ হয়ে যায়। তবে দমে যাননি তিনি। অসুস্থ শরীর নিয়ে কীভাবে জীবিকা নির্বাহ করবেন, তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েন।
তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি রাকিবুল ইসলাম। বিকল্প আয়ের পথ খুঁজতে শুরু করেন। এক বড় ভাইয়ের মাধ্যমে নাটোরের একটি দুম্বার খামারের সন্ধান পান। সেখানে গিয়ে খামার ব্যবস্থাপনা ও দুম্বা পালনের পদ্ধতি সম্পর্কে ধারণা নেন। তারপর সেখান থেকে দুটি দুম্বা কিনে বাড়িতে শুরু করেন নতুন যাত্রা। ২০২৪ সালের শুরুতে দুটি দুম্বা দিয়ে যাত্রা শুরু করে তার খামারে এখন ছোট-বড় মিলিয়ে ১৫টি দুম্বা রয়েছে। ইতোমধ্যে ছয়টি বড় দুম্বা বিক্রি করেছেন ১২ লাখ টাকায়। প্রতিটি বাচ্চা দুম্বার সম্ভাব্য বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। আর পূর্ণবয়স্ক দুম্বা বিক্রি হচ্ছে দুই থেকে তিন লাখ টাকায়।
রাকিবের এক জোড়া দুম্বা কিনে গড়ে তোলেন ছোট্ট একটি খামার। সেই খামারই এখন তাকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে।
রাকিবুল জানান, দুম্বা পালনের খরচ তুলনামূলকভাবে কম। দেশি গবাদিপশুর মতো দুম্বাও কাঁচা ঘাস, খড়, ভুসি, ছোলাসহ সব ধরনের খাবার খায়। খাবারের জন্য আলাদা বড় আয়োজন করতে হয় না। পুষ্টির জন্য মাঝে মধ্যে ভিটামিন দেওয়া হয়। দুম্বা প্রতিবছর দুবার বাচ্চা দেয়।
বাচ্চাগুলো ঘাস খাওয়ার উপযোগী হলেই প্রায় এক লাখ টাকায় বিক্রি করা যায়। বড় দুম্বার দাম দুই থেকে তিন লাখ টাকা পর্যন্ত পাওয়া যায়। তিনি ইতোমধ্যেই ছয়টি বড় দুম্বা ১২ লাখ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে খামারে থাকা ১৫টি দুম্বার মধ্যে তিনটি অল্প কিছুদিনের মধ্যেই বাচ্চা দেবে। বাচ্চা দেওয়ার পরও মা দুম্বার দুধ সংগ্রহ করা যায়।
মিরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহিল কাফি বলেন, স্বল্প পরিসরে ঘরোয়া পরিবেশে দুম্বা পালন করে লাভবান হওয়া সম্ভব। রাকিবুলের খামার তার একটি দৃষ্টান্ত। বেকার তরুণ ও উদ্যোক্তারা বিদেশে যাওয়ার পেছনে অর্থ ব্যয় না করে দেশে বিনিয়োগ করে এ ধরনের খামার গড়ে তুলতে পারেন। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় দুম্বা পালন লাভজনক হতে পারে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়