প্রিন্ট এর তারিখঃ Nov 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা

ঝালকাঠি সংবাদদাতাঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় কৃষি জমিতে ৫০টি চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে বাণিজ্যিকভাবে কয়লা তৈরি হচ্ছে। পরিবেশগত কোনো অনুমোদন ছাড়াই উপজেলার বানাই গ্রামে তফসেরের খেয়াঘাটের পশ্চিমপাড় থেকে উত্তর দিকে বাকার খালের পাশে চলছে এই অবৈধ কর্মকান্ড। কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সময় ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে আসছে। এতে এলাকার পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। স্থানীয়রা বিভিন্ন দফতরে এই অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেন না।
স্থানীয়রা জানান,প্রতিদিন ট্রাকে ট্রাক কাঠ আসছে এসব চুল্লিতে। দিনরাত সমানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। এসব চুল্লিতে স্থানীয়রা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা নির্বিচারে গাছ কেটে বিক্রি করছেন। যা এলাকার পরিবেেেশর উপর নিতিবাচক প্রভাব ফেলছে। চুল্লিতে কাঠ পোড়ানোর সময় প্রচুর ধোঁয়া বের হচ্ছে। যা ছড়িয়ে পড়ছে আশে পাশের এলাকায়। দিনরাত এমন দোঁয়ায় এখন বিপন্ন জন জীবন।
এসব চুল্লিতে উৎপাদিত এই কয়লা শুধু স্থানীয়পর্যায়ে সীমাবদ্ধ নেই; বরং পাশের জেলা পিরোজপুরের পাড়েরহাটে লোহা দিয়ে দা, কুড়াল, কোদাল ও খোন্তা ইত্যাদি তৈরির কাজে নিয়োজিত কামারদের কাছে সরবরাহ করা হয়। কামাররা সারা বছর এ কয়লা ব্যবহার করায় লাভজনক এই বাণিজ্যের লোভে চক্রটি রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ছাড়াও চুল্লির কাঠের চাহিদা মেটাতে স্থানীয়ভাবে গাছ চুরির প্রবণতা বাড়ছে। ছোট শিশুরা বাগান থেকে কাঠ কেটে এনে চুল্লির মালিকদের কাছে বিক্রি করায় তাদের মধ্যে অপরাধপ্রবণতা বৃদ্ধির আশঙ্কাও করছে সচেতন মহল।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানালেন, কাঠ পুড়িয়ে বাণিজ্যিক উপায়ে কয়লা উৎপাদনের ফলে পাশের এলাকার জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। এতে শিশু, বৃদ্ধ এবং বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীরা হাঁপানি, কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারেন। চুল্লি থেকে নির্গত অতিরিক্ত কার্বন ডাই অঙ্াইড এবং কালো ধোঁয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মকবুল হোসেন বললেন, এ কার্যক্রম সম্পূর্ণ অবৈধ। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আলোচনা করে খুব দ্রুতই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।
ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আঞ্জুমান নেছা স্পষ্টভাবে জানিয়েছেন, কাঁঠালিয়ায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির কোনো ধরনের পরিবেশগত অনুমোদন নেই। এটি সম্পূর্ণ অবৈধ।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়