প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 31, 2026 ইং
চাঁদপুর মাছঘাটে ফিরেছে কর্মচাঞ্চল্য

চাঁদপুর সংবাদদাতাঃ
চাঁদপুর ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাট আবার সরগরম হয়ে উটেছে। টানা ২২ দিনের মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখতে নিষেধাজ্ঞা শেষে মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছে জেলেরা। তারা ইরিশ মাছ নিয়ে ঘাটে ফেরায় আড়তগুলো ক্রেতা-বিক্রেতার পদচারনায় জমে উঠেছে।
নিষেধাজ্ঞার এই লম্ব সময় চাঁদপুরের আড়তগুলোতে এক প্রকার নিরবতা নেমে এসেছিলো। জেলেদেও হাতে কাজ না থাকায় তারা অরস সময় কাটিয়েছেন। মাছ না ধরায় অনেকের পরিবার অতি কষ্টে দিনাতিপাত করেছেন।
শুক্রবার সকাল থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে মাছ ধরার ট্রলারে করে ইলিশ আসতে শুরু করেছে বড়স্টেশন মাছঘাটে। ট্রলার ঘাটে ভিড়তেই মাছ নামানোর কাজে ব্যস্ত হয়ে পড়ছেন শ্রমিকেরা। ঝুড়িতে করে ট্রলার থেকে ইলিশ নামিয়ে আড়তের সামনে স্তূপ করে রাখা হচ্ছে। পরে আড়তদার ও ব্যবসায়ীরা হাঁকডাকের মাধ্যমে ক্রেতাদের কাছে মাছ বিক্রি করছেন।
ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন জানিয়েছেন, প্রথম দিনেই ঘাটে ইলিশের সরবরাহ আসায় তারা খুশি। প্রতিদিন এভাবে মাছের সরবরাহ অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা করছেন। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর এক কেজির কম ওজনের ইলিশের দাম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনের বাজারে ইলিশের দাম আগের তুলনায় কিছুটা কম।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানিয়েছেন, ২২ দিন বন্ধ থাকার পর চাঁদপুর মাছঘাটে আবারও ইলিশ কেনাবেচা শুরু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা ট্রলারে প্রায় ১ হাজার মণ ইলিশের সরবরাহ পাওয়া গেছে। সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়তে পারে।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়