প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 30, 2026 ইং
সবজি চাষে সেলিনার বাজিমাত

রংপুর সংবাদদাতাঃ
বিভিন্ন ধরনের সবজি চাষাবাদ করে ব্যাপক সফলতা পেয়েছেন সেলিনা আক্তার নামে এক নারী উদ্যোক্তা। তিনি এক একর জমিতে সবজি চাষাবাদ করে এখন প্রতিমাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন। একজন নারী হয়ে সংসার সামলে মাঠে সবজি চাষাবাদ করে সফলতা অর্জন করায় এলাকায় ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। সফল এ উদ্যোক্তা রংপুরের পীরগাছা উপজেলার কান্দী কাবিলাপাড়া গ্রামের বাসিন্দা।
জানা যায়, একসময় সংসারের সচ্ছলতা আনতে বেশ হিমশিম খেতে হতো সেলিনা আক্তারকে। তবে দমে না গিয়ে তিনি কৃষিকেই নিজের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে বেছে নেন। বাড়ির পাশের এক একর জমিতে শুরু করেন বাণিজ্যিক সবজি চাষ। যেখানে শীতকালীন ও গ্রীষ্মকালীন-উভয় মৌসুমেই বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করেন তিনি।
সরেজমিনে দেখা যায়,বিস্তীর্ণ জমিজুড়ে সবুজের সমারোহ। সারি সারি মাচায় বেড়ে উঠেছে শিমসহ বিভিন্ন সবজির গাছ। গাছে গাছে ঝুলছে সবজি। জমি পরিচর্যা ও উৎপাদন কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন এই নারী উদ্যোক্তা। বাড়ির পাশের জমিতে চাষাবাদ করায় সহজেই তিনি দেখভাল করতে পারছেন।
তার জমিতে উৎপাদিত সবজির মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, করলা, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, শসা এবং বিভিন্ন রকমের শাক। উৎপাদিত এসব পণ্যের মান ভালো হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে। অনেক সময় পাইকাররা সরাসরি ক্ষেত থেকেই তার সবজি কিনে নিয়ে যান, ফলে পরিবহন খরচ ও ঝামেলা দুটোই কমে যায়।
জমিতে উৎপাদিত সবজি বিক্রি করে এই উদ্যোক্তা এখন প্রতি মাসে খরচ বাদে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করছেন। যা দিয়ে নিজের সংসারের চাহিদা মেটানো সহ সঞ্চয় করছেন তিনি।
উদ্যোক্তা সেলিনা জানান, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও ভার্মিকম্পোস্ট ব্যবহারের মাধ্যমে তিনি বিষমুক্ত সবজি উৎপাদন করছেন। এতে খরচ যেমন কম হয়, তেমনি ফসলের ফলনও অনেক ভালো পাওয়া যায়। শুরুতে নানা বাধা ছিল। কিন্তু হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম আর সঠিক পরিচর্যার ফল এখন হাতেনাতে পাচ্ছেন। সবজি বিক্রির আয়ের টাকা দিয়েই সংসার এবং অনার্স পড়ুয়া একমাত্র ছেলের পড়াশোনা বেশ ভালোভাবেই চলছে। পাশাপাশি তার জমিতে স্থানীয় কয়েকজন শ্রমিকের নিয়মিত কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
পীলগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, সেলিনার মতো উদ্যমী নারী কৃষকদের সবসময় প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। তার এই সাফল্য গ্রামীণ অর্থনীতিতে নারীদের অবদানকে আরও সুদৃঢ় করেছে এবং বেকার যুবসমাজ ও নারীদের জন্য এটি একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়