প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 24, 2026 ইং
কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন

শরীয়তপুর সংবাদদাতাঃ
শরীয়তপুর জেলা সদরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার কোটাপাড়া বড় সেতুর ওপারে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় আন্দোলনকারীরা জেলা সদরের বাইরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাবের বিরোধিতা করে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীরা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু কোটাপাড়া সেতুর ওপারে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপন করেছিলেন। তাঁরা ওই স্থানেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন।
তবে বর্তমান সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জেলা সদরের বাইরে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়ায় জেলার বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। তাঁদের দাবি, গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান জেলা সদরের কাছাকাছি স্থাপন করা হলে জেলার অধিকাংশ মানুষের যাতায়াত ও যোগাযোগ সুবিধা নিশ্চিত হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, শরীয়তপুরের জেলা সদরের বাইরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলে জেলার শিক্ষা ও উন্নয়ন কার্যক্রমে ভারসাম্যহীনতা তৈরি হবে। তাই কোটাপাড়া বড় সেতুর ওপারে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরের পাশে প্রতিষ্ঠা করা প্রয়োজন। জেলার বাইরে বড় শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যোগাযোগব্যবস্থা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত এবং অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নেওয়া উচিত।
কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে প্রতিষ্ঠার ঘোষণা না দেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে বলে মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়