প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
চড়াদামে সার বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

কৃষি সময় ডেস্কঃ
মাগুরার শ্রীপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে উপজেলার নাকোল পুরাতন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা কৃষি বিপণন অফিসের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার নাকোল পুরাতন বাজারের মেসার্স মা ট্রেডার্স নামের বিএডিসি সার ও বীজ ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটিকে এর আগে একাধিকবার সতর্ক করা হলেও তারা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে আসছিল।
অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সারা বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক এবং ড্যামেজ পণ্যের প্যাকেট খুলে খোলা বাজারে বিক্রির অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
পরে এসব অনিয়মের দায়ে মেসার্স মা ট্রেডার্সের মালিক লিটন সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও মাগুরা জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়