প্রিন্ট এর তারিখঃ Sep 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2026 ইং
কুড়িগ্রামে আগাম সবজিতে লাভের স্বপ্ন

কুড়িগ্রাম সংবাদদাাতঃ
কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় মাঠের পর মাঠজুড়ে চাষাবাদ হয়েছে নানা ধরনের আগাম সবজি। ইতোমধ্যে আগাম সবজির খেত সবুজে ভরে গেছে। কৃষকরা আশা করছেন এই সবজি বিক্রি করে তারা লাভের স্বপ্ন দেখছেন। তবে আগাম সবজি চাষে সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে দিশাহারা কৃষক।
চলতি খরিপ-২ মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর বাইরে সাড়ে ৭০০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠে বীজ রোপণ ও চারা লাগানোয় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, বরবটি, গাজর, টমেটো, শসাসহ বিভিন্ন সবজি চাষ করে লাভবান হতে চান তারা। তবে হঠাৎ করেই সার সংকট ও কীটনাশকের মূল্যবৃদ্ধিতে হতাশ কৃষকরা।
রাজারহাট উপজেলার মীরের বাড়ি গ্রামের কৃষক কামাল ও গোলজার খন্দকারের ছেলে রাকিব খন্দকার জানান, সব কিছুরই মূল্যবৃদ্ধি হচ্ছে, ফলে সামাল দিতে হিমশিম অবস্থা। বাঁশের দাম বেড়েছে, মজুরির দাম বেড়েছে, পলিথিনের দাম বেড়েছে, ডিজেল-পেট্রোলের মূল্যবৃদ্ধিতে সেচেও বেশি খরচ হচ্ছে। তারপরও কৃষক আগাম সবজি চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।
মীরেরবাড়ি গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, মৌসুম এলেই ব্যবসায়ীরা বিভিন্ন সংকট দেখিয়ে বীজ, সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি করে। গতবার যে ফুলকপির এক প্যাকেট বীজ কিনেছিলেন এক হাজার থেকে ১২০০ টাকায়, এবার সেই বীজ কিনতে হয়েছে ১৭০০ টাকায়।
খেদাবাগ গ্রামের বর্গাচাষি মোকছেদুল জানান, এক প্যাকেট ফুলকপির বীজে খরচ ৬০০ টাকা, চারা হয় ১৪০০ থেকে ১৫০০ টি। বীজ থেকে ২৫-৩০ দিনে চারা হয়। এই চারা ৬০ দিন পর উত্তোলন পর্যায়ে চলে যাবে। সবমিলিয়ে ৯০ দিন পর সবজি ঘরে তোলা যাবে।
তবে স্থানীয় সার কিটনাশক বিক্রিতারা দাম বাড়তি নেয়ার বিষয়টি অস্বীকার করেন। তারা বলছেন,নির্ধারিত দামেই সব বিক্রি করা হচ্ছে।
এ ব্যাপারে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, জেলায় কোনো সারের সংকট নেই। কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে সমস্যা সমাধানে কাজ করছেন। আশা করা যায়, এখন কোথাও কোনো সমস্যা থাকার কথা নয়। তারপরও কারও কোনো সমস্যা হলে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করলেই তারা সঠিক সমাধান পাবেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়