প্রিন্ট এর তারিখঃ Aug 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2026 ইং
কুড়িয়ে পাওয়া শাকের মেলা

সাতক্ষীরা সংবাদদাতাঃ
সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ‘কুড়িয়ে পাওয়া শাকের মেলা’। উপকূলীয় অঞ্চলের অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য ব্যবহার, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।
গতকাল উপজেলার ফুলতলা গ্রামে কৃষি নারী ও কিশোরী সংগঠনের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় ফুলতলা ও উত্তর কদমতলা গ্রামের ১৭জন নারী এলাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ১৩২ ধরনের অচাষকৃত উদ্ভিদ প্রদর্শন করেন।
এসব উদ্ভিদ বৈচিত্র্যের মধ্যে ছিল- থানকুনি, হেলাঞ্চ, কলমি, গাদোমনি, সেঞ্চি, ভুইকুমড়া, আদাবরুন, পেপুল, হেন্না, জার্মানীলতা, শিষাকন্দ, হাতিশুড় প্রভৃতি।
মেলায় অংশগ্রহণকারী নারীরা অচাষকৃত উদ্ভিদের স্থানীয় নাম, প্রাপ্তি স্থান, খাদ্যগুন, ঔষধি হিসাবে ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, উপকূলীয় মানুষের খাদ্য ও পুষ্টির পাশাপশি এসব অচাষকৃত উদ্ভিদ স্থানীয় জীববৈচিত্র্য ও নিজস্ব জ্ঞানের গুরুত্বপূর্ণ অংশ।
মেলায় এককভাবে ১৩২ জাতের অচাষকৃত উদ্ভিদ সংগ্রহ ও প্রদর্শন করে প্রথম স্থান অধিকার করেন শিক্ষার্থী দ্বীপান্বিতা মন্ডল। ১১২ জাতের অচাষকৃত উদ্ভিদ সংগ্রহ ও প্রদর্শন করে দ্বিতীয় স্থান অধিকার করেন চম্পা মন্ডল এবং ১০৭ জাতের অচাষকৃত উদ্ভিদ সংগ্রহ ও প্রদর্শন করে তৃতীয় স্থান অধিকার করেন স্বপ্না জোয়ারদার।
মেলায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
কৃ/স/জয়
Email : kshomoynews@gmail.com<br></br>
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়