প্রিন্ট এর তারিখঃ Aug 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
নকল কীটনাশক তৈরিতে জেল-জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জে ভেজাল কীটনাশক তৈরি ও সার মজুদের অভিযোগে এক জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম সাদের আলী (৩৮)। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা করে।
সোমবার সদর উপজেলার আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামের সার ও কীটনাশকের দোকানে পুলিশ ও উপজেলা কৃষি বিভাগের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া বিভিন্ন রাসায়নিক পদার্থের মিশ্রণে নকল কীটনাশক তৈরির সময় সদের আলীকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আতাহার গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। পরে তার দোকান ও গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট এবং প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়।
এছাড়া দোকান সংলগ্ন একটি গোডাউন থেকে ৩০৭ বস্তা ইউরিয়া, ২৪৪ বস্তা এমওপি, ১৯ বস্তা ডিএপি ও ৩ বস্তা টিএসপি জব্দ করা হয়।
জব্দ করা রাসায়নিক পদার্থ যথাযথভাবে বিলিবন্দেজের জন্য পাঁচ সদস্যের কমিটির কাছে দায়িত্ব দেওয়া হয়েছে। এসব জব্দকৃত মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইকরামুল হক নাহিদ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কৃষি ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়