প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 24, 2026 ইং
মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে দুটি মৎস্য অভয়াশ্রমের কারনে আবর দেশি মাছের বংশ বৃদ্ধি হচ্ছে। বিভিন্ন নদী-নালা-খাল-বিলে দেশি মাছ মিলতে শুরু করেছে। এতে খুশি স্থানীয় জেলে ও সাধারণ মানুষ।
জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও মৌকরন ইউনিয়নের দুটি খালে নিরাপদ প্রজনন ও সংরক্ষণের পরিবেশের জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হয়। এখাসে প্রায় ২০ হেক্টর জলাশয়জুড়ে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হলেও এর মধ্যে দুই হেক্টর এলাকা বিশেষভাবে মাছের নিরাপদ বিচরণ ও প্রজননের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। স্থানীয় উপজেলা মৎস্য অফিস এই মৎস্য অভয়াশ্রম পরিচালনা করছে। বিশ্বব্যাংক গ্রুপের অর্থায়ন এবং সরকারের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্প শুরুতেই এখানে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ অবমুক্ত করে। নিয়মিত তদারকি ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাওয়ায় মাছগুলো এখন পরিণত আকার ধারণ করেছে। অনেক মাছের ওজন দুই থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়েছে। এসব মাছ নিরাপদ পরিবেশে ডিম ছাড়ছে এবং সেখান থেকে উৎপন্ন পোনা আশপাশের খালে ছড়িয়ে পড়ায় দেশীয় মাছের সংখ্যা বাড়তে শুরু করেছে।
অভয়াশ্রম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মো. দুলাল হোসেন জানান, নির্ধারিত এলাকায় কয়েকটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা হয়েছে, যেখানে মাছ নির্বিঘ্নে বিচরণ ও প্রজনন করছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার কারণে এখানে কেউ অবৈধভাবে মাছ শিকার করতে আসে না। ফলে অভয়াশ্রমের উদ্দেশ্য সফল হচ্ছে।
স্থানীয়দের মতে, অভয়াশ্রম প্রতিষ্ঠার পর খালের পরিবেশে দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগের তুলনায় দেশীয় মাছের উপস্থিতি বেড়েছে এবং আশপাশের জলাশয়েও মাছ পাওয়া যাচ্ছে বেশি। এতে জেলেরা দীর্ঘমেয়াদে লাভবান হবেন বলে তারা আশা করছেন।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) তপন মজুমদার জানান, অভয়াশ্রম শুধু মাছ রক্ষার উদ্যোগ নয়, এটি জলজ পরিবেশ পুনরুদ্ধারেরও কার্যকর মাধ্যম। নিরাপদ প্রজননের সুযোগ সৃষ্টি হওয়ায় মাছের সংখ্যা বাড়ে, যা পরবর্তীতে প্রাকৃতিকভাবে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় মৎস্যসম্পদ সমৃদ্ধ হওয়ার পাশাপাশি জেলেদের আয় বৃদ্ধির সুযোগও তৈরি হয়। জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা গেলে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ সংরক্ষণ সহজ হবে এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব হবে।
কৃ/স/জয়
© সকল কিছুর স্বত্বাধিকারঃ কৃষি সময়